Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ম্যাটাডরের ভিতর চাল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ঘনাল রহস্য

ম্যাটাডরের ভিতর চাল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ঘনাল রহস্য
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বজবজ: রবীন্দ্রনগর থানার আকড়া নতুন পোলের কাছে দাঁড় করানো নিজের ম্যাটাডরের ভিতর ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে। মৃতের নাম উত্তমকুমার সাউ (৪৮)। তিনি পেশায় চাল ব্যবসায়ী। তবে তিনি আত্মঘাতী হয়েছেন, না কি খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। রবিবার ঘটনাটি নজরে আসে। পুলিস ঘটনাস্থলে গেলে দেহ বের করতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, খুন হয়েছেন উত্তম। পুলিস তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বের করুক। কারণ গাড়ির মধ্যে দেহটি যেভাবে ঝুলছিল, তাতে পা মেঝেয় ঠেকে ছিল। তা দেখেই স্থানীয়দের সন্দেহ আরও বেড়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। 
Advertisement
উত্তম মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, জুয়া খেলতে গিয়ে অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল। সেই টাকা আদায়ের জন্য পাওনাদাররা চাপও দিচ্ছিল। তার জেরে যুবক আত্মঘাতী হলেন, না কি অন্য কোনও কারণ রয়েছে মৃত্যুর পিছনে পুলিস খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তা স্পষ্ট হবে।
পুলিস ওই ব্যক্তির বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, ২ জানুয়ারি বৃহস্পতিবার বাড়ি থেকে গাড়ি নিয়ে বর্ধমানের উদ্দেশে বের হন উত্তম। শুক্রবার পর্যন্ত পরিবারের সঙ্গে মোবাইলে কথা হয়েছে। তবে শনিবার রাত থেকে যোগাযোগ করা যায়নি। এদিন সকালে আকড়া নতুন পোলের কাছে উত্তমের ম্যাটাডর দাঁড় করানো ছিল। খালাসি গাড়ির কাছে গিয়ে মালিকের ঝুলন্ত দেহ দেখতে পান। তিনিই খবর দেন পুলিস ও বাড়িতে। উত্তমবাবু বাড়ি থেকে বেরবার আগে পরিবারের সদস্যদের বলে গিয়েছিলেন, লোকজন টাকা চাইতে আসতে পারে। ঘটনার পর থেকে তাঁর স্কুটারের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিস সব দিক খতিয়ে দেখছে।
সম্পর্কিত সংবাদ