নিজস্ব প্রতিনিধি, বারাসত: নামী ফুটবলারদের নিয়ে ‘ম্যাচ ফর বেঙ্গল’ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অশোকনগরে। বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে ৩০ নভেম্বর অশোকনগর স্টেডিয়ামে এই ফুটবল ম্যাচ হবে। এখন সেখানে তারই প্রস্তুতি চলছে জোরকদমে। অশোকনগরে ‘এমএলএ কাপ’ অনুষ্ঠিত হচ্ছে। এই আবহে ভারতীয় ফুটবলের নামী খেলোয়াড়দের নিয়ে হতে চলেছে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ‘ম্যাচ ফর বেঙ্গল’। ভারতের নামী ফুটবলারদের নিয়ে তৈরি হবে দু’টি দল– লেজেন্ড রেড ও লেজেন্ড ব্লু। দুই দলে থাকছেন রহিম নবি, সুলে মাসু, মেহেতাব, আলবিটো, এম সুরেশ, লাল কমল, ডেনসন-এর মতো তারকা ফুটবলাররা। এঁদের মধ্যে জয়ী টিম খেলবে অশোকনগর একাদশের সঙ্গে। বিধায়ক বলেন, ফুটবল বাঙালির প্রাণের খেলা। তবুও কালের নিয়মে তা যেন হারিয়ে যাচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর দেখানো পথে, এই খেলার প্রতি মানুষের আকর্ষণ আরও বাড়াতে এই উদ্যোগ। তাছাড়া এই প্রতিযোগিতা থেকে যদি কোনও অর্থ উপার্জন করা যায়, তাহলে তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেব।



