বেঙ্গল রেপার্টরির নতুন প্রযোজনা ‘মারোয়া ঠাটের অ্যালবার্ট্রস’ সম্প্রতি তপন থিয়েটারে মঞ্চস্থ হল। এই সঙ্গীতময় মনোলগটির ভাবনা, পরিকল্পনা ও পরিবেশনার কেন্দ্রে ছিলেন শুচিশ্রী রায়। পণ্ডিত অরুণ ভাদুড়ি, মানস চক্রবর্তী, কুমারপ্রসাদ মুখোপাধ্যায়, রেবা মুহুরী, পূর্ণিমা চৌধুরীর কাছে দীর্ঘদিন ধ্রুপদ, খেয়াল এবং উপশাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন শুচিশ্রী। শিল্পীর একক অভিনয় এবং সঙ্গীত দর্শকদের নজর কেড়েছে। বেদনার বোধ নিয়েই জীবন। কখনও তা স্থবির করে দেয়। কখনও জাগিয়ে তোলে। রাগ, ভয়, ঘৃণা, প্রেম, বিরহ— প্রতিটি অনুভব প্রত্যক্ষ হয় জীবনের আপাত তুচ্ছ বেদনাবোধ থেকে। অথচ এই কষ্টের আবর্ত পেরিয়ে যেতে যেতেই একদিন আরও মানবিক, আনন্দময় হয়ে ওঠা। জীবনযাত্রার বেদনাবিধুরতা পার হয়ে যাওয়ার উদযাপনের মাধ্যম এই মনোলগ। প্রত্যেকের মনের গভীরে থাকে উড়ে যাওয়ার ইচ্ছে পোষা এক পাখি। সে খোলা জানালার পাশে ঘুমিয়ে থাকে, অচেতন। সমস্ত বেদনাবোধ জড়ো হয়ে যেদিন সম্পদ হয়ে ওঠে, সে ডানায় হাওয়া ভরে উড়ান দেয় অনন্তের দিকে। আনন্দের দিকে।



