গ্লাসগো: কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের ঝুলিতে আরও একটি পদক! পুরুষদের লং জাম্প ফাইনালে দুরন্ত পারফরম্যান্সে রুপো জিতলেন মুরলি শ্রীশঙ্কর। দ্বিতীয় প্রচেষ্টায় ৮.০৯ মিটার লাফিয়ে পদক নিশ্চিত করেন তিনি। ২০২২ বার্মিংহাম কমনওয়েলথেও রুপো জিতেছিলেন। এবার গ্লাসগোতে ধারাবাহিকতা বজায় রাখলেন ভারতীয় তারকা। উল্লেখ্য, দ্বিতীয় প্রচেষ্টা ৮.০৯ মিটার ছুড়ে একসময় সোনার দৌড়ে ছিলেন শ্রীশঙ্কর। তবে পরে তাঁকে টপকে যান জামাইকার তাজায় গেইল। ৮.১৫ মিটার লাফ দিয়ে সোনা জেতেন তিনি। আর ব্রোঞ্জ পেয়েছেন স্কটল্যান্ডের ম্যাকেনজি (৮.০৮)।
এদিকে, ১০ হাজার মিটারে দেশকে পদক এনে দিয়েছেন গুলবীর সিং। চরম প্রতিকূল পরিস্থিতিকে হার মানিয়ে কমনওয়েলথ গেমসে তাঁর রুপো জয় প্রকৃত অর্থেই বীরত্বের পুরস্কার। গেমস ভিলেজে ফেরার আগে ২৮ বছর বয়সি ভারতীয় দৌড়বিদের আবেগঘন প্রতিক্রিয়া, ‘দেশের হয়ে পদক জিতেছি, এর চেয়ে বড়ো আনন্দ কিছু নেই। প্রবল বৃষ্টির মধ্যে দৌড়ানোর সময় নিজেকে এই বলে উদ্দীপ্ত করছিলাম যে, আমি ভারতের প্রতিনিধি। গোটা দেশের প্রত্যাশা বহন করছি। যত কষ্টই হোক লক্ষ্য স্পর্শ করতে হবে। তা পূর্ণ হওয়ায় আমি গর্বিত।’ চলতি গ্লাসগো গেমসে ভারতের ঝুলিতে আপাতত ২টি সোনা, ৮টি রুপো ও ৩টি ব্রোঞ্জ মিলিয়ে ১৩টি পদক।
প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিট হিসাবে কমনওয়েলথ গেমসের ১০ হাজার মিটারে পদক জিতেছেন গুলবীর। ইতিহাস গড়ে রুপো জয়ের পথে সময় নিয়েছেন ২৭ মিনিট ৪৯.৭৯ সেকেন্ড। অস্ট্রেলিয়ার কাই রবিনসন সোনা জিতেছেন ২৭ মিনিট ৪৮.৯৩ সেকেন্ড সময়ে দৌড়ে। আর ব্রোঞ্জ পান আইজল অব ম্যানের ডেভিড মুলারকি (২৭ মিনিট ৫০.২৮ সেকেন্ড)। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ে পদক জয়ের পর গুলবীর জানিয়েছেন, কোচ স্কট সিমন্সের পরামর্শ মেনেই এসেছে সাফল্য। তাঁর কথায়, ‘কোচ বলেছিলেন, শুরু থেকেই পিক-আপ নেওয়ার প্রয়োজন নেই। স্রেফ সামনের রানারদের গতির সঙ্গে তাল মিলিয়ে চলো। আর শেষ ৪০০ মিটারে উজাড় করে দাও সর্বশক্তি।’ ২০২২ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন গুলবীর। গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৫ হাজার ও ১০ হাজার মিটারে জেতেন জোড়া সোনা। উত্থানের ধারা বজায় রেখে এবার কমনওয়েলথ গেমসে রচনা করলেন ভারতের দূরপাল্লার দৌড়ের নয়া অধ্যায়।
এদিকে, ভারোত্তোলন থেকে আরও একটি পদক যোগ হয়েছে ভারতের ঝুলিতে। মহিলাদের ৬৯ কেজি বিভাগে রুপো জিতেছেন হরজিন্দার কাউর। স্ন্যাচ এবং ক্লিন-জার্ক মিলিয়ে ২২৭ কেজি ওজন তোলেন তিনি, যা তাঁর কেরিয়ারের সেরা। সবমিলিয়ে চলতি গেমসে ভারোত্তোলনে ভারতের সংগ্রহ দাঁড়াল একটি সোনা সহ ৭টি মেডেল। পাশাপাশি সেমি-ফাইনালে ওঠার সুবাদে বক্সিংয়ে নিশ্চিত হয়েছে ১০টি পদক। বক্সারদের মধ্যে শেষ চারে উঠেছেন যদুমণি সিং, শচীন সিওয়াচ, অঙ্কুশ পাঙ্ঘাল, নরেন্দর বেরওয়াল, লাভলিনা বড়গোঁহাই, সাক্ষী চৌধুরি, প্রীতি পাওয়ার, প্রিয়া ঘাংঘাস, অরুন্ধতী চৌধুরি ও জেসমিন লামবোরিয়া। শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন এই ১০ জন বক্সার।