সংবাদদাতা, কাঁথি: অতিরিক্ত পণ না পাওয়ায় এক গৃহবধূকে খুন করে তাঁরই বাপের বাড়ির সামনে বস্তায় ভরে ফেলে দিয়ে যাওয়ার অভিযোগ উঠল মৃতার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি গত রবিবার রাতের। সেদিন রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ির বাইরে শৌচালয়ে গিয়েছিলেন চক-অরকবাড়ি গ্রামের গোরাচাঁদ দাস। সে সময়ে পুকুর পাড়ে কিছু একটা ফেলার শব্দ পেয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন। দেখতে পান একটি বস্তা পড়ে রয়েছে। অত রাতে বস্তা পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যান গোরাচাঁদবাবু। মনে সাহস এনে বস্তার মুখ খোলেন গোরাচাঁদবাবু। কিন্তু যা দেখেনে তাতে তাঁর শরীরের রক্ত জল হয়ে যায়। এ তো তাঁরই মেয়ে প্রতিমা প্রামাণিকের (২২) নিথর দেহ! প্রতিমাকে খুন করে বস্তায় ঢুকিয়ে ফেলে দিয়ে গিয়েছে কেউ। তিনি বাড়ির লোকজনকে ডাকেন। তখনই দেখেন, সাইকেলে করে কেউ পালাচ্ছে। তবে তাকে তাড়া করে ধরা যায়নি। উধাও হয়ে যায় সাইকেল আরোহী। ঘটনাটি জানাজানি হওয়ায় রাতেই গ্রামবাসীরা ভিড় জমান। থানায় খবর দেওয়া হয়। তালপাটিঘাট কোস্টাল থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। গোরাচাঁদবাবু তাঁর জামাই সহ ছ’ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। মামলা রুজু করে তদন্তে নামে পুলিস। তবে প্রতিমার স্বামী দুর্লভ প্রামানিক ততক্ষণে পালিয়েছে। পুলিস প্রতিমার শ্বশুর দুধকুমার প্রামাণিক, শাশুড়ি রিনা প্রামাণিক, দেওর রাহুল প্রামাণিক ও জা রিমি প্রামাণিককে গ্রেপ্তার করে।



