Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে হরিমাধবের স্মৃতিতে মুক্তমঞ্চ তৈরি করবে পুরসভা, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কাজের শিলান্যাসের সম্ভাবনা

বালুরঘাটে হরিমাধবের স্মৃতিতে মুক্তমঞ্চ তৈরি করবে পুরসভা, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কাজের শিলান্যাসের সম্ভাবনা
  • ১৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: প্রয়াত নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের স্মৃতিতে বালুরঘাট শহরে তৈরি হচ্ছে মুক্তমঞ্চ। হরিমাধবের নামেই মুক্তমঞ্চটি গড়ে তুলবে পুরসভা। ইতিমধ্যে টেন্ডার হয়ে গিয়েছে। পুরসভার কাছে সুরেশ রঞ্জন পার্কের সামনে ফাঁকা জায়গায় এই মুক্তমঞ্চটি তৈরি করা হবে। পুরসভা সূত্রে খবর, প্রায় ৫ লক্ষ টাকা বরাদ্দে মুক্তমঞ্চটি গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে মুক্তমঞ্চের কাজের শিলান্যাস করতে চাইছে বালুরঘাট পুরসভা। আজ, সোমবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। নানা সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি ব্যবসায়ীদের নিয়ে বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই মুক্তমঞ্চের কাজের শিলান্যাস করতে পারেন মমতা।

Advertisement

পুরসভা সূত্রে খবর, সংস্কৃতির শহর বালুরঘাটে ‘সম্প্রীতির ঐক্য’ নামে আরও একটি বেদি নির্মাণ হতে চলেছে। প্রায় ১৭ লক্ষ টাকা খরচ হবে সেখানে। ওই বেদিতে সর্বধর্ম সমন্বয়ে বেশ কয়েকটি মূর্তি বসিয়ে তার সৌন্দর্যায়ন করা হবে। সেই কাজটির শিলান্যাসও মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হতে পারে।
এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, বালুরঘাট নাটকের শহর। একাঙ্ক নাটকের জনক মন্মথ রায়, বিশিষ্ট নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায় এই শহরের। এই বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা বালুরঘাটকে রাজ্য তথা দেশের সামনে তুলে ধরেছেন। মন্মথ রায় নাট্যচর্চা কেন্দ্র বালুরঘাটে আছে। অশোকবাবু বলেন, এবার হরিমাধববাবুকে উৎসর্গ করে মুক্তমঞ্চ তৈরি করব। ইতিমধ্যেই মুক্তমঞ্চ তৈরির টেন্ডার হয়েছে। 
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে আসবেন। আমরা চাইছি, তাঁর হাতেই এই কাজটির শিলান্যাস করতে। সেই প্রস্তাব পাঠানো হয়েছে। হরিমাধবের নামে মুক্তমঞ্চ তৈরি হচ্ছে জেনে খুশি বালুরঘাটের নাট্যজগত্। নাট্যকর্মী কমল দাস বলেন, নাটকের জন্য হরিমাধববাবু বালুরঘাট ছেড়ে কোথাও যাননি। বালুরঘাটে থেকেই থিয়েটার করেছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ