Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শান্তিনিকেতন ভবনে পুরসভার নোটিস, তলব অভিষেকের মাকেও

ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মায়ের নামে থাকা সম্পত্তিতে নোটিস ধরিয়েছে কলকাতা পুরসভা

শান্তিনিকেতন ভবনে পুরসভার নোটিস, তলব অভিষেকের মাকেও
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মায়ের নামে থাকা সম্পত্তিতে নোটিস ধরিয়েছে কলকাতা পুরসভা। পাশাপাশি, এই সম্পত্তিগুলির বকেয়া কর মেটাতে অ্যাসেসমেন্টেরও চিঠি পাঠানো হয়েছে। পুরসভা সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর মায়ের নামে চিহ্নিত ১৭টি সম্পত্তিতে কয়েক লক্ষ টাকা বকেয়া রয়েছে। পুরসভার আধিকারিকদের দাবি, সেই টাকার পরিমাণ খুব বেশি নয়। নিয়মিত ভিত্তিতে কর মেটানো হয় এই সম্পত্তিগুলিতে। তবুও বেশ কিছু টাকা বাকি থাকায় স্বাভাবিক নিয়মে শহরের অন্যান্য করদাতাদের কাছে যেমন চিঠি যায়, তেমন চিঠি পাঠানো হয়েছে ডায়মন্ডহারবারের সাংসদকে। যতটুকু বাকি রয়েছে, সেটুকুও দ্রুত মেটাতে বলা হয়েছে। এদিন কালীঘাটে দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে অভিষেক বলেন, ওরা যা খুশি করুক। আমার বাড়ি ভেঙে দিক, নোটিস পাঠাক। এসবের কাছে মাথানত করব না। যাই ঘটুক না কেন, বিজেপির বিরুদ্ধে আমার লড়াই চলবেই। 

Advertisement

কলকাতা পুরসভা সূত্রে খবর, সব মিলিয়ে অভিষেকের মোট ১৭টি সম্পত্তি চিহ্নিত করে নোটিস পাঠিয়েছে বিল্ডিং বিভাগ। পুর কর্তারা জানাচ্ছেন, এক্ষেত্রে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা লতা বন্দ্যোপাধ্যায়কে পুরসভায় এসে হাজিরা দিতে হবে, তেমনটা নয়। চাইলে তাঁদের কোনো প্রতিনিধি এসেও কাগজপত্র জমা করতে পারেন। অন্যদিকে, ই এম বাইপাস সংলগ্ন তপসিয়া-তিলজলা অঞ্চলের আরও একজন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর সম্পত্তিও পুরসভার স্ক্যানারে রয়েছে। ইতিমধ্যেই সেই বিধায়ক এবং তাঁর কাউন্সিলার পুত্রের ৭৭টি সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। যেগুলির মধ্যে বেশিরভাগ বেআইনি ভাবে তৈরি কিংবা বিল্ডিং প্ল্যানে বড় ধরনের ত্রুটি-বিচ্যুতি রয়েছে। তাঁদের কাছেও বিল্ডিং বিভাগ নোটিস যাচ্ছে বলে পুরসভা সূত্রে খবর।

সম্পর্কিত সংবাদ