নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মহালয়া থেকেই শহরে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক। মঙ্গলবার ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করে এমনটাই জানিয়ে দিল জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, জলপাইগুড়ি শহরকে ছ’টি জোনে ভাগ করা হয়েছে। মহালয়া থেকেই প্রতিটি জোনে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে বাংলায় সাইনবোর্ড লেখা চালু করা হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জলপাইগুড়ি শহরের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড লেখার কাজ যাতে শেষ হয়, সেই টার্গেট নেওয়া হয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি-বেসরকারি অফিসেও বাংলায় লিখতে হবে। তিনি বলেন, অফিস কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান যাই হোক না কেন, সাইনবোর্ডে সবার উপরে এবং সবচেয়ে বড় হরফে বাংলায় লিখতে হবে। তারপর অন্য যে কোনও ভাষায় লেখা থাকুক, তাতে আপত্তি নেই। কিন্তু বাংলায় লেখা বাধ্যতামূলক। এব্যাপারে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। এদিন ব্যবসায়ী সংগঠনগুলিকে নিয়ে বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে বিষয়টি।



