নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুখে ফের খাদ্য সুরক্ষা অভিযানে নামছে কলকাতা পুরসভা। অন্যান্য বছরও শহরজুড়ে বিভিন্ন হোটেল-রেস্তরাঁ, ফুটপাতের খাবারের দোকানে ভেজাল ধরতে অভিযান চালানো হয়। রান্না মশলাপাতি ছাড়াও অন্যান্য উপকরণ পরখ করে দেখা হয়। পরীক্ষা করে দেখা হয় রান্না করা খাবারও। এবারও সেই অভিযান শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই পুরসভার টিম অভিযানে নামবে বলে খবর।
কয়েক সপ্তাহ আগেই শহরের বিভিন্ন রেস্তরাঁ, হোটেল, খাবারের দোকান, মিষ্টির দোকান থেকে শুরু করে শপিং মলের ফুড কোর্টে পর্যন্ত অভিযান চালিয়েছিল পুরসভা। বিভিন্ন হোটেল-রেস্তরাঁ থেকে প্রায় ১০০০ কেজি পচা মাংস বাজেয়াপ্ত করা হয়েছিল। বহু খাবার ও খাবারের উপকরণ নিদিষ্ট গুণমানের পরীক্ষায় ‘ফেল’ করায় সেসব নষ্ট করে দেওয়া হয়। সেসব ব্যবসায়ীকে অস্থায়ীভাবে দোকান বন্ধ করতে বলেছিল প্রশাসন। পরে শর্তসাপেক্ষে এবং গুরুতর ত্রুটি-বিচ্যুতি সংশোধনের পর ব্যবসা চালুর অনুমোদন দেওয়া হয়েছে। দেড়শোর বেশি খাবার ও উপকরণের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে নিয়ে আসা হয়েছিল। সেগুলি পরীক্ষা করেও বহু গলদ ধরা পড়েছে বলে খবর। সেসব দোকানকে মোটা টাকা জরিমানা করা হচ্ছে। এই অবস্থায় ফের খাবারে ভেজাল রুখতে ময়দানে নামছে পুর-প্রশাসন। মহালয়ার আগেই অভিযান শুরু হওয়ায় কথা। এক স্বাস্থ্যকর্তা বলেন, ‘পুজোর মুখের এই অভিযান নতুন কিছু নয়। প্রতি বছর আমরা করে থাকি। তবে এবার বছরের মাঝামাঝি বড়ো আকারে অভিযান হয়েছে। আশা করা যায়, পুজোর আগে খাবারের দোকানগুলিতে ফের গেলে খুব বেশি গলদ নজরে আসবে না। ফুটপাতের খাবারের স্টল বা ছোটো ছোটো দোকানগুলিও আমাদের স্ক্যানারে থাকবে।’