মাসুদ আজহার-জয়েশের পক্ষে পোস্ট, গ্রেপ্তার মুম্বইয়ের যুবক
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উসকানি, জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মহম্মদ, মাসুদ আজহারের পক্ষে ভিডিয়ো পোস্ট করার অভিযোগ। মুম্বইয়ের মাহিম থেকে এক বাইকট্যাক্সি চালককে (৩২) গ্রেপ্তার করল মহারাষ্ট্র এটিএস (অ্যান্টি টেরিরিস্ট স্কোয়াড)। ধৃতের নাম মহম্মদ হাসান আবু সামাদ আখতার। এটিএসের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতের সঙ্গে পাকিস্তানের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। সামাদ নিজের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আপত্তিকর ভিডিয়ো পোস্ট ও কমেন্ট করত। তাঁকে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগের ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।  জানা গিয়েছে, গত ২১ অক্টোবর গোপন সূত্রে এটিএস জানতে পারে মাহিমের এক বাসিন্দা পাকিস্তানের গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তারপরেই সামাদকে গ্রেপ্তার করা হয়। ধৃতের ফোন জেরা করে একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। যেখান থেকে মাসুদ আজহার, জয়েশ ই মহম্মদ সহ বিভিন্ন কনটেন্ট পোস্ট করা হতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কুরুচিকর মন্তব্যও করা হয়েছিল। সাম্প্রদায়িক সদ্ভাব বিঘ্নিত হতে পারে এমন কনটেন্টও পোস্ট করেছিল অভিযুক্ত। তবে পাকিস্তানের সঙ্গে তার যোগসাজশের প্রমাণ পাওয়া যায়নি। 

Advertisement