Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মেট্রোর মোটরম্যানদের জিনিসপত্র দমদমে ফিরল ভাড়া করা টোটোয়

মেট্রোর মোটরম্যানদের জিনিসপত্র দমদমে ফিরল ভাড়া করা টোটোয়
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নর্থ-সাউথ মেট্রো করিডরের উত্তরমুখী যাত্রায় শনিবার বদল এসেছিল। কবি সুভাষ থেকে যাত্রী বোঝাই রেক দমদমের পরিবর্তে নোয়াপাড়ায় যাত্রা শেষ করছিল। মেট্রো কর্মীদের দাবি, পরিকাঠামোগত বাধায় এই বদলের জেরে গোটাদিন পরিষেবা বিঘ্নিত হয়েছে। সূত্রের দাবি, মেট্রো ভবনের এই তুঘলকি নির্দেশের বিরুদ্ধে একজোট হচ্ছেন মোটরম্যানরা (চালক)। উল্লেখ্য, দেশের প্রথম মেট্রো রুটে চালকদের থাকা-খাওয়ার জন্য কবি সুভাষ এবং দমদমে রেস্টরুম রয়েছে। জোড়া প্রান্তে স্টেশনের মধ্যেই চালকদের বিশ্রামদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে। কিন্তু নোয়াপাড়ায় স্টেশন থেকে বেশ কিছুটা দূরে উল্টো দিকের ইলেকট্রিক সাব-স্টেশন বাড়ির তিনতলায় চালকদের জন্য ঘর বরাদ্দ করা হয়েছে। বেশ কয়েকমাস আগে প্রচুর টাকা খরচ করে ধুমধাম করে তার উদ্বোধন হলেও এখনও তা ব্যবহারের উপযুক্ত নয় বলে মেট্রো চালকদের দাবি। শনিবার ওই বিল্ডিংয়ের লিফট বিগড়ে যায়। চালকরা ডিউটি ধরা কিংবা ছাড়ার আগে পরে রেস্ট রুমে যেতে গিয়ে হয়রান হন। তাঁদের দাবি, সিঁড়ি বেয়ে ওঠা-নামা করে নোয়াপাড়া স্টেশনে ঢুকে তারপর ফের উপরে প্ল্যাটফর্মে পৌঁছতে হয়েছে। হাজার হাজার যাত্রীকে নিরাপদে সফর করানোর আগে ও পরে এসব করতে গিয়ে তাঁদের মানসিক স্থিরতা নষ্ট হচ্ছে। এমনকী, বিষয়টি মেট্রোর ইলেকট্রিক বিভাগকে জানানো হলেও অপমান সইতে হয়েছে মেট্রো চালকদের। চালকদের একাংশের দাবি, লিফট খারাপ থাকার ঘটনা আমরা ইলেকট্রিক বিভাগে জানাই। কিন্তু সেখান থেকে মুখ ঝামটা খেতে হয়েছে। বলা হয়েছে, আপনারা চড়ছেন চড়ুন, কিন্তু ওই লিফট বসানো হয়েছে মূলত পণ্য তোলা-নামানোর জন্য। তারপরই চালকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। বিষয়টি মেট্রো ভবনের কানে তোলা হয়। ফলস্বরূপ, রবিবার চালকদের ব্যবহারের লোটা-কম্বল নোয়াপাড়ার ওই বিল্ডিং থেকে ফের দমদমে সরিয়ে আনা হয়। সেখানেও চালকদের কপালে জুটেছে তিরস্কার। এই মালপত্র সরানোর জন্য গাড়ি চেয়েও মেলেনি। পরিশেষে ভাড়া করা টোটো করে তা দমদমে স্থানান্তরিত করা হয়েছে। সব মিলিয়ে আগাম প্রস্তুতি ছাড়াই এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন নেওয়া হল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনা কলকাতা মেট্রো কর্তাদের অদূরদর্শিতাকেই আরও একবার প্রকট করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কাউন্টার লোপাট, নগদ লেনদেনে নিষেধাজ্ঞাসহ যাত্রী-বিরোধী গুচ্ছ সিদ্ধান্তের ফল ভুগছে হচ্ছে আম জনতাকে। এবার রেলকর্তাদের নেওয়া অমূলক সিদ্ধান্তে চটে লাল খোদ মেট্রো চালকরা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ