Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মেট্রোয় চাকরির নামে প্রতারণা, দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিসের

মেট্রোয় চাকরির নামে প্রতারণা, দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিসের
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রোতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। তাতে অভিযুক্ত মেট্রো রেলেরই দুই পোর্টার। এক তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই দু’জনের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হলেও দু’জনেই পলাতক। তাঁদের খোঁজ চলছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছিলেন। ২০১৯ সালে তাঁর সঙ্গে এক যুবকের পরিচয় হয়। অভিযুক্ত নিজেকে মেট্রোর কর্মী বলে পরিচয় দিয়ে জানান, মেট্রোতে বিভিন্ন পদে লোক নিয়োগ হবে। যিনি নিয়োগের দায়িত্বে রয়েছেন, তাঁর সঙ্গে ওই যুবকের সম্পর্ক ভালো। তাই তিনি বললে চাকরি হয়ে যাবে। সমস্ত পরীক্ষা, ইন্টারভিউয়ে পাস করতে কোনও সমস্যা হবে না। তার কথায় বিশ্বস করলে ওই প্রতারক তরুণীকে আরও একজনের সঙ্গে পরিচয় করান। তিনিও নিজেকে মেট্রোর কর্মী বলে পরিচয় দিয়ে জানান, সব ব্যবস্থা হয়ে যাবে। এর কয়েকদিন পরই তাঁরা জানান, এজন্য আট লক্ষ টাকা খরচ হবে। তারপর ধাপে ধাপে আট লক্ষ টাকা নেওয়াও হয় বলে অভিযোগ। তারপর তাঁর ভুয়ো পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হয়। কিন্তু চাকরি না হওয়ায় তরুণী তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। তখন বিভিন্ন অজুহাতে তাঁকে ঘোরানো হতে থাকে।
কিছুদিন পর তিনি বুঝতে পারেন, প্রতারকের খপ্পরে পড়েছেন। ২০২০ থেকে টাকা চাওয়া শুরু করলে তাঁকে বলা হয়, কোভিড মিটলে টাকা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর তাঁকে হুমকিও দেওয়া হয়। তরুণী ভয় না পেয়ে টাকার দাবি করে তাঁদের কাছে যান। তাঁকে দু’বার চেকও দেওয়া হয়, কিন্তু তা বাউন্স করে। এরপরই তিনি অভিযোগ করেন জোড়াসাঁকো থানায়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দুই অভিযুক্ত পোর্টার পদে কর্মরত। একজন আছেন ধর্মতলা মেট্রো স্টেশনে, অন্যজন মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে। তদন্তে নেমে পুলিস জেনেছে, দুই অভিযুক্ত অনেকদিন ধরে মেট্রোতে চাকরি দেবেন বলে লোক ঠকাচ্ছেন। মেট্রো চত্বরে ভাব জমিয়ে তারপর ফাঁদে ফেলেছেন লোকজনকে। এই কায়দায় তাঁরা বিপুল টাকা রোজগারও করেছেন। পুলিস দু’জনের খোঁজ চালাচ্ছে।
সম্পর্কিত সংবাদ