Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মাথার উপর ছাদ নেই, শৌচালয় দখল করে বাস

মাথার উপর ছাদ নেই, শৌচালয় দখল করে বাস
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: মাথার উপরে নেই ছাদ, রাস্তার ধারে ঝুপড়ি বানিয়ে কোনওরকমে বাস করতেন এক ব্যক্তি। সেই ঝুপড়িও ভেঙে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা শৌচালয় তৈরি করেন। কিন্তু অধিকার ছাড়তে নারাজ সাবির গাজি। বেশ ক’মাস ধরে তিনি ওই শৌচালয় দখল করে বাস করছেন। মাথার উপর ছাদের ব্যবস্থা না করা হলে, শৌচালয় ছাড়তে নারাজ ওই ব্যক্তি।  ঘটনাটি ঘটেছে বসিরহাটের দণ্ডিরহাট বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাশে সাবির গাজি নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় ঝুপড়ি বানিয়ে বাস করতেন। ব্যবসায়ীদের অনুরোধে সেই ঝুপড়ি ভেঙে শৌচালয় তৈরি করে স্থানীয় প্রশাসন। সাবির গাজির দাবি, বাজার কমিটির পক্ষ থেকে তাঁকে বলা হয়, থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু শৌচালয় তৈরি হয়ে যাওয়ার পরও তাঁর থাকার ব্যবস্থা না করায় ওই শৌচালায় দখল করে বসবাস করছেন সাবির।
Advertisement
ব্যবসায়ীদের দাবি, সরকারি টাকায় শৌচালয় করা সত্ত্বেও তা ব্যবহার করা যাচ্ছে না। ফাঁকা মাঠে যেতে হচ্ছে ব্যবসায়ীদের। প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে। এই বিষয়ে স্থানীয় নেতৃত্ব মন্তব্য করতে চাননি। বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, দ্রুত ওই ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে হবে, কেন এতদিন ধরে শৌচালয় দখল করে বসবাস করছেন।
সম্পর্কিত সংবাদ