সংবাদদাতা, কান্দি: মৃতদেহ ঘিরে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকালের ওই ঘটনা কান্দি থানার পাখমারা ডোব এলাকায়। পরে সেখানে কান্দি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পুলিস দুইপক্ষের কয়েকজনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে স্থানীয় ভাণ্ডেরা গ্রামের দোয়েল ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল খড়গ্রাম থানার খড়সা গ্রামের তিলক ঘোষের। তিলকবাবু ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করেন। সেইসূত্রে ওই পরিবার পাঞ্জাবে সেনাবাহিনীর কোয়াটার্রে থাকতেন। সেখানেই বুধবার দোয়েলের অস্বাভাবিক মৃত্যু হয়। এরপর এদিন সকালে দোয়েলের শ্বশুর তমাল ঘোষ পাঞ্জাব থেকে বৌমার দেহ নিয়ে পাখমারা ডোবে আসেন। সেইসময় দুইপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। তমালবাবুকেও মারধর করা হয়। পরে দুই পক্ষই কান্দি থানায় অভিযোগ দাগের করেছেন।



