নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এক যুবককে খুনের অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ডানকুনি থানার পুলিস। নিহত ওই যুবকের দেহ গত ২০ ডিসেম্বর বামনারি মধ্যপাড়া থেকে উদ্ধার করা হয়। মৃতের শরীরে ক্ষতচিহ্ন ছিল। তা দেখেই পুলিসের সন্দেহ, তাঁকে খুনই করা হয়েছে। ওই ঘটনায় একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিস। মৃতের পরিচয় প্রথমে পুলিসের অজানা ছিল। পরে জানা যায়, মৃত ব্যক্তি শ্রীরামপুরের মাহেশের বাসিন্দা ছিলেন। তাঁর নাম শুভঙ্কর ঘোষ (৪০)। ওই খুনে মূল অভিযুক্ত হিসেবে সম্প্রতি শ্রীরামপুর থেকে দু’জনকে ধরা হয়েছে। পুলিস জানিয়েছে, তাদের মধ্যে প্রশান্ত শা একজন পরিচিত দুষ্কৃতী। সে অপরাধ জগৎ তাকে চেনে ‘নানকি’ নামে। তার সঙ্গে সানি প্যাটেল নামে বিহারের বাসিন্দা এক যুবককেও পুলিস ধরেছে। পুলিস জানিয়েছে, নানকির কাছ থেকে বহু টাকা ধার করেন শুভঙ্কর। নানকির দলের সঙ্গে শুভঙ্করেরও ওঠাবসা ছিল। সেই সুবাদেই নানকির কাছে টাকা ধার নেন তিনি। পুলিস অভিযোগ পেয়েছে, তবে ধারকর্জ করা ওই ওই যুবকের এক স্বাভাবিক প্রবণতা ছিল। ওই ধারের টাকা না-মেটানো নিয়েই বিবাদ শুরু হয় তাদের মধ্যে। খুনের রাতে নানকি ও প্যাটেল মিলে শুভঙ্করকে বেদম পেটায়। এমনকী, ধারালো অস্ত্র দিয়েও জখম করা হয় তাঁকে। তারপরই পালিয়ে যায় নানকি ও প্যাটেল। ডাক্তারদের অনুমান, ওই আঘাতই শুভঙ্করের মৃত্যুর কারণ।



