Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটি ফেলে নিকাশিনালা বন্ধ, রাস্তায় জমছে জল  

মাটি ফেলে নিকাশিনালা বন্ধ, রাস্তায় জমছে জল
 
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হবিবপুর: মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে নিকাশিনালা।  প্রায় ১০ টি বাড়ির মালিক নিকাশিনালা বন্ধ করে রেখেছেন বলে অভিযোগ।  নিকাশিনালা বন্ধ থাকায় নোংরা জল রাস্তায় উপচে পড়ছে। অনেকদিন ধরে রাস্তায় নোংরা জল জমে থাকায় পিচ উঠে গিয়েছে। কার্যত কঙ্কালসার দশা গ্রামে ঢোকার প্রধান রাস্তার। বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের নালাগোলা পশ্চিমপাড়ায় নিকাশিনালা বন্ধ করে রাখায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নিকাশিনালা বন্ধ করে রাখার জন্য সবার অসুবিধা হচ্ছে। 
Advertisement
যাঁরা মাটি ফেলে নিকাশিনালা বন্ধ করে রেখেছেন, তাঁদের জানিয়েও কোনও কাজ হচ্ছে না। বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধানকেও জানানো হয়েছে। পঞ্চায়েত প্রধান সনকা হেমব্রম বলেন, এর আগেও ওই বাড়ির মালিকদের ড্রেন থেকে মাটি তুলে নেওয়ার জন্য বলা হয়েছিল। শোনেনি। আরও একবার বলা হবে। না শুনলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নালাগোলা ব্রিজ সংলগ্ন দৌলতপুর থেকে খোকসন ঘাট পর্যন্ত প্রায় দেড় কিমি পিচের রাস্তা রয়েছে। রাস্তার ধার বরাবর আড়াইশো মিটার নিকাশিনালা নির্মাণ করা হয়েছে পঞ্চায়েতের তরফে। অভিযোগ, নিকাশিনালাটি মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নিকাশি ব্যবস্থা পুরোপুরি বন্ধ। রাস্তার ধারে একাধিক জলাধার রয়েছে। নোংরা জল নিকাশিনালা দিয়ে যেতে পারছে না। কেন নিকাশিনালায় মাটি ফেলে রাখা হয়েছে? এলাকার রুই দাসের দাবি, বাড়ির সামনে ড্রেনে জল জমে থাকছে। এজন্য মশার উপদ্রব বেড়ে গিয়েছে। তাই নিকাশিনালায় মাটি ফেলে রেখেছিলাম। শীঘ্রই পরিষ্কার করে দেব। গোবিন্দ সরকার নামে এক বাসিন্দা বলেন, এই রাস্তার ধারেই একটি উচ্চ বিদ্যালয় ও দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। নিকাশিনালা বন্ধ থাকায় নোংরা জল রাস্তায় জমে থাকছে। প্রশাসনের বিষয়টি দেখা উচিত। 
Advertisement
সম্পর্কিত সংবাদ