নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি প্রকল্প ‘মিশন বাৎসল্য’ রূপায়ণে অর্থ খরচ প্রসঙ্গে বুধবার কেন্দ্রের সঙ্গে তুমুল বাগযুদ্ধে জড়াল তৃণমূল কংগ্রেস। এদিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবীকে এব্যাপারে প্রশ্ন করেন তৃণমূল সাংসদ দোলা সেন। তার জবাব দিতে গিয়ে রাজ্যসভায় তৃণমূলকেই কাঠগড়ায় তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। অভিযোগ করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে মিশন বাৎসল্যের বাস্তবায়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ তা খরচ করছে না। এই প্রকল্পের অধীনে বাংলার প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা পড়ে রয়েছে বলে এদিন রাজ্যসভায় অভিযোগ করেন মন্ত্রী। শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠেন তৃণমূল সাংসদরা। দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। পরে তৃণমূল সূত্রে জানানো হয়েছে, মন্ত্রী সঠিক তথ্য দেননি। কারণ ২০২৩-২৪ আর্থিক বছরের এই সংক্রান্ত ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ (ইউসি) রাজ্য সরকারের হাতে রয়েছে।



