নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শুক্রবার প্রাণিসম্পদ বিকাশ ও কৃষিদপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজের সামগ্রিক অবস্থা খতিয়ে দেখতে বিশেষ প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি সহ বিভিন্ন প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিক। জানা গিয়েছে, ২০২৩-’২৪ অর্থবর্ষে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাণিসম্পদ বিকাশ দপ্তর মাংস উৎপাদনে রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে। জেলায় একমাসে মাংস উৎপাদনের পরিমাণ ১৩৫.২৯ লক্ষ কিলোগ্রাম। একইসঙ্গে জেলায় ডিম উৎপাদনের হারও বৃদ্ধি পেয়েছে। গোটা রাজ্যে ডিমের চাহিদা পূরণ করার ক্ষেত্রে এই জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। এমনকী এই জেলা দুগ্ধ উৎপাদনেও রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। অপরদিকে সরকারি ফার্মে হাঁসের বাচ্চা উৎপাদনে এই জেলা প্রথম স্থানে রয়েছে। এদিন জেলাশাসক বলেন, জেলায় মাংস, ডিম ও দুগ্ধের উৎপাদন আরও বৃদ্ধি করতে হবে।



