Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মূর্তি উন্মোচন-শোভাযাত্রা-স্মৃতি গ্রন্থাগার, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজির জন্মজয়ন্তী পালন

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস পালন হল রাজ্যের সর্বত্র। কোথাও উন্মোচিত হল মূর্তি। কোথাও বেরল শোভাযাত্রা।

মূর্তি উন্মোচন-শোভাযাত্রা-স্মৃতি গ্রন্থাগার, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজির জন্মজয়ন্তী পালন
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস পালন হল রাজ্যের সর্বত্র। কোথাও উন্মোচিত হল মূর্তি। কোথাও বেরল শোভাযাত্রা। আবার কোথাও নেতাজির জন্মদিন পালন ঘিরে দানা বাধল বিতর্ক। সবমিলিয়ে শহরের অলিগলি থেকে সরকারি প্রতিষ্ঠান, সর্বত্র ‘বন্দে মাতরম’, ‘জয় হিন্দ’ স্লোগানের সঙ্গে পালিত এই মহামানবের জন্মদিন। 
Advertisement
এদিন বিধানসভায় নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নেতাজির নামাঙ্কিত কলকাতা বিমানবন্দরেও হয়েছিল অনুষ্ঠানের আয়োজন। কলকাতা পুরসভার সদর দপ্তরে নেতাজির ছবিতে মাল্যদান করেন মেয়র ফিরহাদ হাকিম। সকালে সুবোধ মল্লিক স্কোয়ারে নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও অন্যান্য বাম নেতারা। কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটি ধর্মতলা থেকে শোভাযাত্রা করে। এর পাশাপাশি নাগেরবাজারে বিতর্ক তৈরি হয়। নাগেরবাজার থানার ওসি তরুণ দেবনাথ নেতাজির ছবিতে মাল্যদান করে ছবি পোস্ট করেছিলেন সমাজমাধ্যমে। অভিযোগ, নেতাজির ছবির পাশে বেদিতে দাঁড়িয়ে থাকার সময় আধিকারিকের পায়ে ছিল জুতো। তবে ওই পুলিস আধিকারিকের দাবি, ‘ওটাকে বেস বলে। বেদি নয়। এইভাবে আমরা মালা দিয়ে থাকি। ড্রেসের সঙ্গে জুতোও থাকে, তা খুলে তো কিছু করা যায় না।’ 
জয়হিন্দ দেশপ্রেমি মঞ্চের উদ্যোগে নাকতলার জোড়াবাগান রোডে নেতাজির জন্মদিন পালিত হয়। উপস্থিত ছিলেন মঞ্চের সাধারণ সম্পাদক পাপিয়া দেবরাজন। কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের প্রাঙ্গণে উন্মোচিত হয় সুভাষের ১২ ফুটের মূর্তি। সোনারপুরের কোদালিয়ায় নেতাজির পৈতৃক বাড়িতে সকাল থেকে ভক্তদের ভিড় দেখা গিয়েছে। উপস্থিত ছিলেন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। ক্যানিংয়ে এদিন ম্যারথন দৌড়ের আয়োজন করেছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। 
১৯৩১ সালে ভাটপাড়া জুটমিল শ্রমিক সম্মেলনে যোগ দেওয়ার পথে গ্রেপ্তার হয়েছিলেন সুভাষচন্দ্র। তাঁকে কয়েক ঘণ্টা আটক করা হয়েছিল নোয়াপাড়া থানার লক আপে। সেই লক আপ সেদিনের ছবি, বই দিয়ে সাজিয়ে তৈরি হয় নেতাজি স্মৃতি গ্রন্থাগার। এদিন তা উদ্বোধন করেন বারাকপুরের নগরপাল অলক রাজোরিয়া। ছিলেন বিধায়ক মঞ্জু বসু, গারুলিয়া পুরসভার চেয়ারম্যান রমেন দাস, উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ প্রমুখ। বনগাঁ শহর তৃণমূল কংগ্রেস বাইক র‍্যালির আয়োজন করেছিল। ছিলেন বনগাঁ আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ তৃণমূল নেতারা। সন্তান দলের পক্ষ থেকে নেতাজির জন্মদিন উপলক্ষ্যে শহরে বিরাট শোভাযাত্রা বের হয়। উলুবেড়িয়া পুরসভা আয়োজিত নেতাজির জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। তিনি বলেন, পানিত্রাসে ৫৩তম শরৎ মেলা থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি সংলগ্ন এলাকায় গবেষকদের জন্য ডিজিটাল গ্রন্থাগার ও রাত্রিবাসের জায়গা তৈরির পরিকল্পনা হয়েছে। উলুবেড়িয়া শহরের পুরনো নেতাজি মূর্তি সংলগ্ন এলাকা নতুন করে সাজানোর পরিকল্পনার কথা জানান পুলকবাবু। হুগলি জেলাশাসকের নতুন কার্যালয়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন জেলাশাসক সহ বিশিষ্ট ব্যক্তিরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ