নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভায় মেয়রের অফিসের বাইরে থেকে আটক এক সন্দেহভাজন। যুবকের নাম রফিকুল ইসলাম। তাঁর বাড়ি নদীয়ার চাপড়ায়। সোমবার দুপুরে পুরসভার নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে নিউ মার্কেট থানার পুলিসের হাতে তুলে দেন। পুলিস জানিয়েছে, আটক হওয়া যুবক মানসিক ভারসাম্যহীন। জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। তাতেই সন্দেহ দানা বাঁধে। আটক হওয়া ব্যক্তির নথিপত্র খতিয়ে দেখেন তদন্তকারীরা। যদিও সন্দেহজনক কিছু পাওয়া না যাওয়ায় পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
Advertisement
পুরসভার নিরাপত্তাকর্মীরা জানাচ্ছেন, পুরসভার দোতলার করিডরে ওই যুবক ঘোরাফেরা করছিলেন। তাঁকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন নানারকম কথা বলতে থাকেন ওই যুবক। আসে পুলিস। এক পুরকর্মী বলেন, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি বলেছিলেন, তিনি দুবাই থেকে এসেছেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশি বলে সন্দেহ হয়। বর্তমান পরিস্থিতিতে বঙ্গের একাধিক জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে।



