ভুবনেশ্বর, ১৬ ডিসেম্বর: বাড়ির ভিতরেই ঘুমাচ্ছিল দুই নাবালিকা বোন। সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। কিন্তু মাঝ রাতে বাড়ির ভিতরে আচমকা প্রবেশ করে তাণ্ডব চালাল একটি বুনো হাতি। ঘুমন্ত অবস্থাতেই পিষে মারল দুই নাবালিকাকে। গতকাল, রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড় জেলার কন্টাপল্লি গ্রামে। মৃতাদের নাম সামিয়া মুণ্ডা (১২) এবং চাঁদনি মুণ্ডা (৩)।
Advertisement
পরিবার সূত্রে খবর, রবিবার বাড়ির ভিতরেই সবাই ঘুমাচ্ছিলেন। মাঝ রাতে আচমকা তাঁদের বাড়িতে হানা দেয় ওই দাঁতাল। তার আক্রমণে ভেঙে পড়ে বাড়ির একটি অংশ। এরপরই সেখানে হুলস্থূল পড়ে যায়। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি বাড়ি ছেড়ে বাইরে চলে যান পরিবারের সদস্যরা। কিন্তু ঘুমে আচ্ছন্ন অবস্থায় ঘরের মধ্যেই রয়ে যায় সামিয়া এবং চাঁদনি। বাড়ির মধ্যেই তাদের পিষে মারে দাঁতালটি।
বনদপ্তরের এক আধিকারিক ললিত পাত্র বলেন, “বুনো হাতিটি তার দল থেকে সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমরা কড়া নজর রাখছি। হাতিটির গলায় একটি রেডিও কলার আছে। কিন্তু নেটওয়ার্ক না থাকায় এখনও পর্যন্ত তার অবস্থান জানা যায়নি। সরকার পরিবারটিকে ক্ষতিপূরণ দেবে।”