নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: একদল মুরগি ব্যবসায়ী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল পাণ্ডুয়ায়। সোমবার দুপুরে সিমলাগড়-ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পোটবা গ্রামে ওই ঘটনার জেরে দু’পক্ষের আট জন জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’পক্ষের সংঘর্ষ সামাল দিতে এলাকায় গিয়েছিল পুলিস। পাণ্ডুয়া থানার পুলিস জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নির্দিষ্ট অভিযোগ দায়ের হলে আইনানুগ পদক্ষেপ করা হবে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, পোটবায় একাধিক ব্যবসায়ীর মুরগির খামার আছে। সেখান থেকে নিয়মিত দুর্গন্ধ ছড়ানোয় আশপাশের বাসিন্দাদের সমস্যা হয়। এনিয়ে দু’পক্ষের বিবাদ বহুদিনের। সম্প্রতি গ্রামবাসীরা অভিযোগ দায়ের করে। এদিন স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন। অভিযোগ, তখনই গ্রামবাসী ও খামারের মালিকদের মধ্যে বচসা শুরু হয়। তারপরেই দু’পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়।



