Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মেয়র পারিষদের ছেলের গাড়ির ধাক্কায় জখম বৃদ্ধা

মেয়র পারিষদের ছেলের গাড়ির ধাক্কায় জখম বৃদ্ধা
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাদার্ন অ্যাভিনিউতে বিবেকানন্দ পার্কের কাছে গাড়ির ধাক্কা জখম হলেন বৃদ্ধা পথচারী। নাম তারা সাহা (৭০)। যোধপুর গার্ডেনের বাসিন্দা তিনি। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তথা ৯২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিতালী বন্দ্যোপাধ্যায়ের ছোট ছেলে। তাঁর নাম শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায়। জামিনযোগ্য ধারায় যুবককে গ্রেপ্তার করে রবীন্দ্র সরোবর থানার পুলিস। থানা থেকে জামিন নিয়ে নেন তিনি। 
Advertisement
পুলিস সূত্রে খবর, বুধবার সকাল সওয়া সাতটা নাগাদ বিবেকানন্দ পার্কের কাছে গাড়ি নিয়ে চা খেতে গিয়েছিলেন যুবক। গাড়িতে পুরসভার মেয়র পারিষদের বোর্ড লাগানো ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, চা খাওয়ার পর এক বৃদ্ধাকে ধাক্কা মারে গাড়িটি। এরপরেই সেই গাড়িতেই বৃদ্ধাকে পিজি হাসপাতালে নিয়ে যান চালক। সেখানেই ভর্তি করা হয়েছে বৃদ্ধাকে। হাসপাতাল সূত্রে খবর, আঘাত বিশেষ গুরুতর নয়। যদিও এই ঘটনায় মিতালী বন্দ্যোপাধ্যায় না থাকলেও কীভাবে তাঁর ছেলে ‘মেয়র পারিষদ’ এর বোর্ড লাগানো গাড়ি চালাচ্ছিলেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্পর্কিত সংবাদ