Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মায়ের কাজ লাঘব করবে রোবট, মডেল  নিয়ে বিজ্ঞান মেলায় অষ্টম শ্রেণির পড়ুয়া

মায়ের কাজ লাঘব করবে রোবট, মডেল  নিয়ে বিজ্ঞান মেলায় অষ্টম শ্রেণির পড়ুয়া
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা জেলা বিজ্ঞান মেলা। মোট ১৭টি স্কুল ২৭টি মডেল নিয়ে উপস্থিত হয়েছিল এই বিজ্ঞান মেলায়। এ বছর মেলার বিষয় ছিল সুরক্ষিত ভবিষ্যতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি। শহরের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা বিজ্ঞান ভিত্তিক মডেল তৈরি করে এনেছিল। যা দেখে সত্যিই চোখ ধাঁধিয়ে যায়। 
Advertisement
ডিএভি পাবলিক স্কুলের সৃজনকুমার দাস তৈরি করেছে ব্যাটারিচালিত একটি ছোট্ট রোবট। কেউ তার সামনে এসে দাঁড়ালেই সৃজন বুঝিয়ে দিচ্ছে, ওই ছোট্ট রোবট কীভাবে ঘর পরিষ্কার করে দেবে। সে হিসেব কষে দেখিয়েছে, ভ্যাকুয়াম ক্লিনারের তুলনায় এই যন্ত্র কতটা সাশ্রয়ী। এই সৃজনশীল ভাবনা কীভাবে মাথায় এল সৃজনের? জবাবে এই পড়ুয়ার উত্তর, ‘প্রথমে মজার ছলে একটি রোবট তৈরির চেষ্টা করেছিলাম। একদিন মা বলল, বিছানার নীচে কিছু জিনিস ঢুকে গিয়েছে। কীভাবে বের করা যায়? তখন রোবটের কথাই মাথায় আসে। রোবট বিছানার নীচের অংশ যেমন পরিষ্কার করতে পারবে, তেমনই তা দিয়ে কোনও জিনিসও টেনে আনা যাবে।’ অষ্টম শ্রেণির সৃজন যখন বাড়ির সমস্যা মেটাতে আবিষ্কার করে রোবট, তখন ইন্দাস ভ্যালি স্কুলের অষ্টমের দুই পড়ুয়া আদিত্য আর শিঞ্জিনী ব্যস্ত ড্রোন তৈরিতে। পরিবেশই তাদের চিন্তার কারণ। ওই ড্রোন যে কোনও স্থানের বাতাসের পার্টিকুলেট ম্যাটার যেমন, পিএম ২.৫ পরিমাপ করা যাবে। শুধু তাই নয়, গ্যাস কনসেন্ট্রেশন, তাপমাত্রা ও আর্দ্রতার পরিমাণও জানা যাবে। আদিত্য সেন ও শিঞ্জিনী চক্রবর্তী বলছিল, ‘এই ড্রোনের মধ্যেই সেন্সর রয়েছে। তা দিয়ে আমরা যে কোনও স্থানের বায়ুদূষণের মাত্রা জানতে পারি।’ এছাড়াও আরও নানা ধরনের বিজ্ঞানভিত্তিক মডেল নিয়ে হাজির হয়েছিল পড়ুয়ারা। কৃষকদের কাজ আরও সহজ করার জন্য, প্লাস্টিকমুক্ত স্কুল ক্যাম্পাস তৈরির ভাবনাও দেখা গেল এই বিজ্ঞান মেলায়।
সম্পর্কিত সংবাদ