নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ধারালো অস্ত্র দিয়ে মায়ের গলা কেটে খুন করল ছেলে। তারপর নিজেই পুলিসকে ফোন করে খবর দিল। মঙ্গলবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের কুলিপাড়ায়। প্রধাননগর থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত অজয় মল্লিক। পুলিস জানিয়েছে, মৃত মহিলার নাম কৌশল্যা মল্লিক (৫০)। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে নামে পুলিস।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় অজয় প্রধাননগর থানায় ফোন করে জানায় সে কুলিপাড়া থেকে বলছে। রাগের মাথায় মাকে খুন করেছে। দেহ ঘরেই রয়েছে। খবর পেয়ে চমকে ওঠেন ডিউটি অফিসার। দ্রুত ঘটনাস্থলে পাঠান পুলিস ভ্যান। সংশ্লিষ্ট ঠিকানায় পুলিস পৌঁছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। পরে দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়।



