চেন্নাই: করোনা মহামারী চলাকালীন শুরু অনলাইন গেমের নেশা। লাগাম টানা যায়নি সেই আসক্তিতে। আর তাতেই প্রাণ গেল ২৬ বছরের এক যুবকের। ক্যান্সারের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা জমিয়েছিলেন মা। সেই টাকাই অনলাইন রামি গেমে উড়িয়ে দেন। তা জানতে পেরে ওই যুবককে তীব্র ভর্ৎসনা করেছিলেন মা ও ভাই। সেই ‘অপমানে’ই গলায় টিভির তারের ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ওই যুবক। পুলিস জানিয়েছে, চেন্নাইয়ের চিন্নামালাইয়ে বাড়ি মৃত যুবকের। তিনি অস্থায়ীভাবে কিছু খাবারের ব্যবসা করতেন। পরিবারের গঞ্জনার মুখে পড়েছিলেন। শুক্রবার থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই যুবকের। শনিবার কাকভোরে ছাদের ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।



