মুম্বই: বলি পাড়ায় ট্রোলিং কোনও নতুন ঘটনা নয়। কিন্তু বিগত কয়েকদিন ধরে টানা কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী মৌনী রায়। তাঁর মুখের চেহারা নাকি বদলে গিয়েছে! দাবি উঠছে কসমেটিক সার্জারি করিয়েছেন তিনি। এরপরই সমাজমাধ্যমে একের পর এক চোখা প্রশ্নবাণে বিদ্ধ হন মৌনী। কিন্তু, এবার সমালোচকদের কড়া জবাব দিলেন ‘ব্রহ্মাস্ত্র’-র অভিনেত্রী।
সম্প্রতি তাঁর আসন্ন একটি সিনেমার প্রমোশনে এসে অভিনেত্রী বলেন, “এখন এই ধরনের কমেন্টগুলিকে এড়িয়ে যাই। সকলেরই নিজের কাজ থাকে। সবাই নিজের কাজ করে। এ নিয়ে এত কথা উঠবে কেন? আসলে কিছু মানুষ আছে, যারা লুকিয়ে সমালোচনা করে আনন্দ পায়। তাঁদের নিয়ে বেশি কথা বলার অর্থ নিজেরই ক্ষতি।” মৌনীর এই বক্তব্যের পরেও কিছু সমালোচকেরা বলছেন, অভিনেত্রী কিন্তু জানালেন না, তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন কিনা। আবার অনেকে বলছেন, এটি তাঁর ব্যক্তিগত বিষয়।
প্রসঙ্গত, আগামী ১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে আসতে চলেছে মৌনীর হরর ফিল্ম ‘দ্য ভূতনি।’ তার আগে থেকেই এমন ট্রোলিংয়ে মোটেই খুশি নন নায়িকা। সম্প্রতি সমালোচকদের কড়া জবাব দিয়ে সেই বার্তাই যেন দিলেন অভিনেত্রী।