মা মানেই আশ্রয়। যেকোনও বিরুদ্ধ পরিস্থিতিতে সন্তানকে আগলে রাখেন মা। কাজলের পরবর্তী ছবি ‘মা’তেও এমনই এক চরিত্রকে বড়পর্দায় দেখবেন দর্শক। সদ্য কলকাতায় এসে এই ছবির জন্য দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন নায়িকা। এই পৌরাণিক হরর থ্রিলার পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া। ছবির প্রথম পোস্টার মুক্তি পেল সোমবার। সেখানে দেখা গিয়েছে, এক নেগেটিভ শক্তির সঙ্গে লড়াই করছেন কাজল। এই ধরনের চরিত্রে দর্শক এর আগে কাজলের অভিনয় বিশেষ দেখেননি। ফলে তাঁর কাছে প্রত্যাশা থাকবে অনেকটাই। ছবিটি প্রযোজনা করেছে অজয় দেবগনের সংস্থা। এই মুহূর্তে সুপারন্যাচরাল বিষয় নিয়ে তৈরি গল্প বক্স অফিসে ভালো ফল করছে। ফলে এই ছবির বাণিজ্যিক সাফল্য নিয়েও আশাবাদী নির্মাতারা।



