সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: বৃহস্পতিবার রাখি পূর্ণিমায় ময়নাগুড়ি মর্নিংস্টার স্কুলে পালিত হল মৈত্রী দিবস। সকালে স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের রাখি পরানো হয়। মৈত্রী দিবস কি? এ বিষয়ে পড়ুয়াদের বোঝান স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের পক্ষ থেকে পড়ুয়াদের নিয়ে করা হয় দু’টি টিম। শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়ে ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় গিয়ে মৈত্রী দিবস পালন করেন।
মর্নিংস্টার স্কুলের পড়ুয়ারা প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এসে চিকিৎসকদের হাতে রাখি পরিয়ে দেন। এরপর তারা আসে ময়নাগুড়ি আরপিএফ সেন্টারে। ক্ষুদে পড়ুয়ারা প্রত্যেকের হাতে রাখি বেঁধে দেয়। পরবর্তীতে তারা দমকল কেন্দ্র, বিডিও অফিস, ময়নাগুড়ি থানায় এসে পুলিশ আধিকারিক সহ থানায় বিভিন্ন কাজে আসা লোকজনকে রাখি পরায়। ময়নাগুড়ির বিধায়ক ডালিম রায়কেও রাখি পরিয়ে দেয় ছাত্রছাত্রীরা। পড়ুয়ারা রাখি পরিয়ে দিয়ে প্রত্যেকের হাতে চকোলেট তুলে দেয়।
মর্নিংস্টার স্কুলের সুবর্ণজয়ন্তী পূর্তি উৎসব চলছে। কিছুদিন আগেই কলকাতার মহাজাতি সদনে মেধা স্মারক সম্মান পায় এই স্কুল। বেস্ট আইডিয়াল স্কুলের তকমা পেয়েছে তারা। পাশাপাশি, এই স্কুলের ৩৯ জন ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়েছে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে দেশাত্মবোধক অনুষ্ঠান ও নাটকের মাধ্যমে ভারতমাতাকে শ্রদ্ধা জানিয়েছিল মর্নিংস্টার স্কুল। এই স্কুলের পড়ুয়াদের পঠনপাঠনের পাশাপাশি সামাজিক অনুষ্ঠান ও খেলাধুলোর মধ্য দিয়ে তাদের মানসিক বিকাশ গড়ে তোলা হয়। প্রত্যেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জীবনের পথ মজবুত করাই তাদের স্কুলের মূল লক্ষ্য বলে জানান স্কুলের প্রিন্সিপাল পিয়ালী বণিক ঘোষ। তিনি বলেন, প্রতিবছরের মতো এ বছরও আমরা রাখিবন্ধন উৎসবকে মৈত্রী দিবস হিসাবে পালন করলাম। আমরা ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরেছি, সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। সর্বস্তরের মানুষকে শ্রদ্ধা ও সম্মান করতে হবে।