শিবাজী চক্রবর্তী, কলকাতা: আকাশে কালো মেঘের চাদর। দুপুরের পর শুরু তুমুল বৃষ্টি। তবে মোহন বাগান কোচ পানাজিওটিস ডিলেমপেরিস ডোন্ট কেয়ার। প্রতিকূলতাকে পাশ কাটিয়ে ডুরান্ডের প্রস্তুতি সেরে নিলেন সবুজ-মেরুন সারথি। মঙ্গলবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে লিস্টনদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড। নিজেদের প্রথম ম্যাচে সিআইএসএফকে বশ মানিয়েছে বেঙ্গালুরুর ক্লাবটি। তবে ধারে ভারে অনেকটাই এগিয়ে পানোস-ব্রিগেড। ম্যাচের আগেরদিন মোহন বাগান কোচের মন্তব্য, ‘অনামী প্রতিপক্ষ। তবে জেতা ছাড়া কিছুই ভাবছি না। প্রি-সিজনে দল কতটা প্রস্তুত সেটাও তো দেখতে হবে।’ বোঝাই যাচ্ছে, লক্ষ্যভেদের পাশাপাশি টিম কম্বিনেশনের দিকেও নজর থাকবে পানোসের।
চোটের কারণে রবিবার অনুশীলন করেননি আপুইয়া। হ্যামস্ট্রিং ভোগাচ্ছে তাঁকে। অবশ্য শোনা যাচ্ছে যে, চোট মারাত্মক নয়। দিন সাতেকের বিশ্রামেই পুরো সুস্থ হয়ে উঠবেন। জলকাদার ভারি মাঠে পায়ের পেশিতে বাড়তি চাপ পড়ে। তাই আপুইয়াকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ টিম ম্যানেজমেন্ট। এছাড়া ডার্বিতে ড্র্যাজিচ ও আলবার্তোকে বেশি সময় খেলানো হয়নি। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে তাঁদের প্রথম এগারোয় রাখার ভাবনা রয়েছে গ্রিক কোচের। মঙ্গলবার সকালে চূড়ান্ত স্কোয়াড বেছে নেবেন তিনি। এই ধরণের ম্যাচে শুরুতে গোল তুলে নিতে পারলে চাপ কমে। অন্যথায় ম্যাচ গড়ানোর সঙ্গেই রক্ষণে পায়ের জঙ্গল তৈরি করে প্রতিপক্ষ। সেটা আন্দাজ করেই উইং থেকে আক্রমণ শানাতে চান মোহন বাগান কোচ। পানোস বললেন, ‘প্রতিপক্ষ রক্ষণ জমাট করতে চাইবে। তবে আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে তৈরি।’ তাঁর হাতে লিস্টন, মনবীর, কিয়ানরা রয়েছেন। ড্র্যাজিচও আগের চেয়ে অনেক ফিট। যুবভারতীতে বিপক্ষ রক্ষণ ইলাস্টিকের মতো স্ট্রেচ করলে বড়ো ব্যবধানে জয়ের সম্ভাবনা বাড়বে। ডুরান্ডে প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দল নক-আউটে পৌঁছাবে। এছাড়াও সেকেন্ড বেস্ট হিসাবে আরও দু’টি দল পরের রাউন্ডের টিকিট পাবে। উদ্বোধনী ম্যাচে, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলকে টেক্কা দিয়েছেন সাহাল, কিয়ানরা। সাউথ ইউনাইটেডকে হারালেই নক-আউটের দিকে এক পা বাড়িয়ে ফেলবে গঙ্গাপাড়ের ক্লাব।
এদিকে, মঙ্গলবার রাতে কলকাতায় আসছেন মোহন বাগানের ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল। চলতি মরশুমে তাঁকে নিয়ে প্রচুর প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। প্লে-মেকার মিগুয়েল ম্যাচের রং বদলে দিতে পারেন। তবে সামনে লম্বা মরশুম। নক-আউটের আগে কিছুটা তরতাজা করেই মিগুয়েলকে মাঠে নামাতে চায় থিঙ্কট্যাঙ্ক।
যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। সম্প্রচার সোনি স্পোর্টসে।