নয়াদিল্লি: রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে আমেরিকায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বদলে ভারতের হয়ে বক্তৃতা দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২৩ ডিসেম্বর থেকে নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের ‘জেনারেল ডিবেট’ শুরু হচ্ছে। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। ঐতিহ্য মেনে সাধারণ সভায় প্রথম ভাষণের সুযোগ পাবে ব্রাজিল। তারপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে বক্তৃতা দেবেন ট্রাম্প। জুলাই মাসে প্রকাশিত বক্তাদের তালিকায় অনুযায়ী, সভায় ২৬ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা ছিল মোদির। ওই দিনই ইজরায়েল, চীন, পাকিস্তান ও বাংলাদেশের প্রতিনিধিরাও বক্তৃতা দেবেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন জয়শঙ্কর। প্যালেস্তাইনে ইজরায়েলি হামলা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে এবারের অধিবেশন বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এবার সাধারণ সভার ৮০তম অধিবেশন। শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের উপর এবারের অধিবেশনে জোর দেওয়া হচ্ছে।



