Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

রাশিয়ার থেকে খুব বেশি তেল কিনবেন না, জানিয়েছেন মোদি! দাবি ট্রাম্পের

রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে

রাশিয়ার থেকে খুব বেশি তেল কিনবেন না, জানিয়েছেন মোদি! দাবি ট্রাম্পের
  • ২২ অক্টোবর, ২০২৫ ১০:১০
Prefer us on Google

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ২২ অক্টোবর: রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে। তিনি মস্কোর থেকে তেল কিনবেন না বলেই আশ্বস্ত করেছেন। গত সপ্তাহে এমনটাই দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারতের বিদেশমন্ত্রকের তরফে সেই দাবি নস্যাৎ করা হয়। চাপ বাড়াতে থাকে রাশিয়াও। কিন্তু ট্রাম্প নিজের দাবিতে অনড় থাকেন। অবশেষে গতকাল, মঙ্গলবার দীপাবলিতে মোদিকে ফোন করেন ট্রাম্প। জানান শুভেচ্ছা। পাশাপাশি তাঁদের মধ্যে বাণিজ্য ও রাশিয়ার তেলের বিষয়ে আলোচনা হয়েছে বলেই জানান মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

তিনি বলেন, ‘আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার কথা হয়েছে। বছরের পর বছর ধরে উনি আমার ভালো বন্ধু। আমাদের মধ্যে অনেক বিষয়েই আলোচনা হয়েছে। তবে বেশির ভাগ আলোচনাই হয়েছে বাণিজ্য সংক্রান্ত। আমাদের সম্পর্ক খুব ভালো। মোদি বলেছেন, রাশিয়ার থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনিও আমার মতো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চান।’ ডোনাল্ড ট্রাম্প যে মোদিকে ফোন করেছিলেন তা খোদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। আজ, বুধবার সকালেই মোদি এই বিষয়ে এক্সে লেখেন, ‘সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে দুই দেশ। দীপাবলির শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। উৎসবের আলোয় গোটা বিশ্বের আশা যাতে আমরা দুই গণতান্ত্রিক দেশ জ্বালিয়ে রাখতে পারি সেই চেষ্টাই করে যেতে হবে।’

অর্থাৎ মোদির সঙ্গে ট্রাম্পের কথোপকোথন যে হয়েছে তা সত্যি। এবার তাতেও এসেছে রাশিয়ার তেলের প্রসঙ্গ। যা নিয়ে অবশ্য কিছুই বলেননি মোদি। ট্রাম্পের দাবি মতো রাশিয়ার থেকে তেল কেনা ভারত কমাতে থাকলে মস্কোর সঙ্গে সমীকরণ কী হবে তা ভবিষ্যৎ বলবে। বর্তমান সরকারের ট্রাম্প প্রীতি নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। 

সম্পর্কিত সংবাদ