Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬

শুক্রবার মোদি-পুতিন বৈঠক, সুখোই-৫৭ নিয়ে আলোচনা?

আগামী ১১ সেপ্টেম্বর, শুক্রবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

শুক্রবার মোদি-পুতিন বৈঠক, সুখোই-৫৭ নিয়ে আলোচনা?
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ১১ সেপ্টেম্বর, শুক্রবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লিতে ব্রিকস সম্মেলনের অবকাশে এই দ্বিপাক্ষিক বৈঠক হবে। মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত তথ্য জানালেন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মস্কো থেকে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে পেসকভ বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া রাশিয়ার সুখোই-৫৭ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি নিয়েও কথা হবে। যদিও এব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। পেসকভ জানিয়েছে, দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি ভারতে  নতুন পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়েও কথা হতে পারে। পেসকভ বলেন, বিভিন্ন বিষয় নিয়েই ভারতের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত। রুশ তেলের ক্রেতা দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক বসানোর মার্কিন হুঁশিয়ারি নিয়েও মস্কোর অবস্থানের কথা জানিয়েছেন পেসকভ। তাঁর দাবি, ওয়াশিংটনের এই পদক্ষেপ ‘অবৈধ এবং গ্রহণযোগ্য নয়’। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারত যে শান্তির কথা বলেছে, মঙ্গলবার সে ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মস্কো। মোদি বলেছিলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে মানবতা পিছিয়ে যায়। শান্তির পথে প্রতিটি পদক্ষেপ নতুন আশার সঞ্চার করে। এজন্য যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তির পথে এগোনো প্রয়োজন। এ প্রসঙ্গে রাশিয়ার দাবি, ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ভারতের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে রাশিয়া। যুদ্ধ বন্ধের উপায় নিয়ে নয়াদিল্লির সঙ্গে তাঁদের মতের যথেষ্ট মিল রয়েছে। রাশিয়াও শান্তিপূর্ণ উপায়ে সংঘাতের সমাধান চায়। উল্লেখ্য, আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ