নয়াদিল্লি: আগামী ২৯ জুন দ্বীপরাষ্ট্র সেশেলসের জাতীয় দিবস। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পাশাপাশি, ভারত ও সেশেলসের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরও পূর্ণ হচ্ছে। আড়ম্বরের সঙ্গে পালিত হবে ঐতিহাসিক সন্ধিক্ষণও। এই দুই অনুষ্ঠানে অংশ নিতে শনিবার সেদেশে পৌঁছে গিয়েছেন মোদি। এদিন জাতীয় বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলেন তিনি। সঙ্গী হয়েছিলেন সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমাইনি। সেখানে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন স্থলে বসবাসকারী বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাণী জোনাথনের সঙ্গে। বিশালাকার এই কচ্ছপের জন্ম ১৮৩২ সালে। সেই হিসাবে জোনাথনের বয়স এখন ১৯৪ বছর। স্থলে বসবাসকারী বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাণী হিসাবে গিনেস বুক অব রেকর্ডে নামও রয়েছে এই কচ্ছপের। এদিন জোনাথনকে খাবার খাওয়াতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। এছাড়া, বোটানিক্যাল গার্ডেনের মধ্যেই চারাগাছও বসান মোদি ও প্যাট্রিক। তারপর পরিবেশ সংরক্ষণের বার্তা দেন মোদি। কথা বলেন সেখানে কর্মরত উদ্যানবিদ, পশু চিকিৎসকদের সঙ্গেও।



