মুম্বই: মহারাষ্ট্র মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়ার ক্ষোভ কিছুতেই চেপে রাখতে পারছেন না অজিত পাওয়ারের দলের বিধায়ক ছগন ভুজবল। সোমবারই তিনি বলেছিলেন নিজের বিধানসভা কেন্দ্র ইয়োলার মানুষের সঙ্গে কথা বলে পরবর্তী কৌশল ঠিক করবেন। মঙ্গলবার তিনি জানিয়েছেন ‘যেখানে কেউ চায় না, সেখানে থাকাটা মানায় না।’ এভাবে তিনি সরাসরি দলের সভাপতি অজিতের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এনসিপির এই প্রথমসারির নেতা এদিন তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তাঁকে মন্ত্রী করতে চেয়েছিলেন। কিন্তু বাদ সেধেছেন অজিতই। আর সে কারণেই তাঁর মন্ত্রী হওয়া হল না। তাঁর কথায়, ‘বিজেপি থেকে কে মন্ত্রী হবেন, তা ঠিক করেন দেবেন্দ্র। তেমনই শিবসেনার কে মন্ত্রী হবেন, তা ঠিক করে দেন একনাথ সিন্ধে। অজিত চাননি আমি মন্ত্রী হই।’ তবে এনসিপি (অজিত) ছাড়া নিয়ে কোনও মন্তব্য করেননি ছগন।
Advertisement
একরাশ ক্ষোভ উগরে ছগন বলেন, ‘লোকসভা নির্বাচনের সময় আমাকে নাসিকের প্রার্থী করার কথা বলা হয়। তবে চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ছিল না। এরপর আমি রাজ্যসভার টিকিট চাই। তখন আমাকে বলা হল বিধানসভায় প্রার্থী করা হবে। আটদিন আগে আমাকে রাজ্যসভায় পাঠানোর কথা বলা হয়। আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’



