সংবাদদাতা, মালদহ: মালদহ জেলা বইমেলা মাতালেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী তথা প্রখ্যাত গায়ক ইন্দ্রনীল সেন। সোমবার ৩৬ তম মালদহ জেলা বইমেলায় সন্ধ্যায় গান গেয়ে দর্শক, শ্রোতাদের মুগ্ধ করেন তিনি। তাঁর গান শুনতে বইমেলা চত্বরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে সুরেলা পরিবেশে এবারের মতো সমাপ্তি জেলা বইমেলার।
Advertisement
১৩ জানুয়ারি জেলা বইমেলা শুরু হয়েছিল মালদহ কলেজ মাঠে। প্রথম দু’একদিন বই বিক্রির ক্ষেত্রে কিছুটা জড়তা লক্ষ্য করা গেলেও তারপর থেকেই বই কিনতে বিভিন্ন স্টলে ভিড় জমান পুস্তকপ্রেমীরা। অনেক প্রকাশনা সংস্থা জানিয়েছে, বইমেলায় তাঁদের বিক্রির পরিমাণ সন্তোষজনক। রবিবার রাতে বইমেলায় ছিল জনস্রোত। রাত সাড়ে ৯টায় স্টলগুলি বন্ধ হয়ে গেলেও ভিড় ছিল মেলা প্রাঙ্গণ জুড়ে। শেষদিন মন্ত্রীর গান যেন মালদহ বইমেলার পরিবেশে এক নতুন আঙ্গিক যোগ করে। কমিটির অন্যতম যুগ্ম সচিব তথা স্থানীয় গ্রন্থাগার অথরিটির সদস্য প্রসেনজিৎ দাস বলেন, আমরা মন্ত্রী ইন্দ্রনীল সেনের কাছে কৃতজ্ঞ। তিনি শুধু জনপ্রিয় গায়কই নন, সংস্কৃতির পৃষ্ঠপোষক। আমরা তাঁকে বইমেলায় আমন্ত্রণ জানাতেই এককথায় রাজি হয়ে যান। তাঁর গান শুনতে আসা অনেক মানুষ বইমেলার শেষদিনে নিজেদের পছন্দের বইও কিনেছেন।



