মুম্বই: মন্ত্রীর গাড়িচালকের সঙ্গে গ্রামবাসীদের বচসার জেরে রণক্ষেত্রের চেহারা নিল মহারাষ্ট্রের জলগাঁও জেলার পালথি গ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্ফু জারি করতে হয়েছে। স্থানীয় পুলিস ছাড়াও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে রায়ট কন্ট্রোল পুলিসের বিশেষ দল। গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে রাজ্যের জল সরবরাহ মন্ত্রী গুলাবরাও পাতিলের গাড়িতে চেপে পালথি গ্রামের কাসিয়াওয়াড়ায় গিয়েছিলেন তাঁর পরিবারের এক সদস্য। পথে জটলা দেখে হর্ন বাজান গাড়ির চালক। তাতে কাজ না হওয়ায় মুখ বাড়িয়ে তাঁদের পথ ছেড়ে দিতে বলেন। এরপরেই চালকের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যেই সমস্যা মিটে যায়। গাড়িটিও সেখান থেকে চলে যায়। অভিযোগ, এর কিছুক্ষণের মধ্যে গ্রামের মোড়ে এসে স্লোগান দিতে থাকেন একদল লোক। এরপর ঘটনাস্থলে হাজির হন মন্ত্রীর সমর্থকরা। দু’পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। গ্রামের বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ক্ষতি করা হয় সরকারি সম্পত্তির। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে হলেও এলাকায় উত্তেজনা আছে বলে এক পুলিস আধিকারিক জানিয়েছেন।
এদিকে, বিদ জেলায় সরপঞ্চ সন্তোষ দেশমুখকে খুনে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ‘জল সমাধি’ পালন করল মাসাজোগ গ্রামের লোকজন। গতমাসে অপহরণ করে খুন করা হয় সন্তোষকে। এই ঘটনায় অভিযুক্ত বাল্মিক কারাদ মঙ্গলবার পুনে পুলিসের কাছে আত্মসমর্পণ করেন। রাজ্যের মন্ত্রী তথা অজিতপন্থী এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডের ঘনিষ্ঠ বলে পরিচিত এই কারাদ।