বিশেষ সংবাদদাতা, ইম্ফল: বছর শেষেও আতঙ্কের আবহ মণিপুর জুড়ে। বড়দিনের আনন্দের মাঝেই ফের নতুন করে উদ্বেগ। ইম্ফল-চুরাচাঁদপুর রুটের একটি সেতুর নীচ থেকে ৩.৬ কেজি বিস্ফোরক উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। তাছাড়াও মণিপুরের চুড়াচাঁদপুর জেলায় যৌথ অভিযানে চালিয়ে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ভারতীয় সেনার ‹স্পিয়ার কর্পস› বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন খবরের ভিত্তিতে মণিপুর পুলিস ও অসম রাইফেলসের সঙ্গে চূড়াচাঁদপুর জেলার লিসাং গ্রামে অভিযান চালানো হয়। ইম্ফল-চুড়াচাঁদপুর রুটের একটি সেতুর নীচে ৩.৬ কেজি বিস্ফোরক, ডেটোনেটর, কর্ডটেক্স উদ্ধার করা হয়। একইসঙ্গে চুড়াচাঁদপুরের মলজল গ্রামে পৃথক অভিযানে যৌথবাহিনী একটি ম্যাগাজিন সহ একটি পয়েন্ট ৩০৩ রাইফেল, ম্যাগাজিন সহ একটি এম-১৬ রাইফেল, চারটি দেশীয় তৈরি এসবিবিএল বন্দুক, একটি রিভলবার পিস্তল এবং দশ রাউন্ড গুলি, ৫.৫৬ মিমি লাইভ গোলাবারুদ সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে।



