ইম্ফল: অপহরণ এবং তোলা আদায়ের অভিযোগে মণিপুরে দু’টি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করল নিরাপত্তা বাহিনী। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে সশস্ত্র মেইতেই গোষ্ঠী আরমবাই তেনগগলের এক সদস্যকে। সোমবার পুলিস জানিয়েছে, থৌবাল এবং বিষ্ণুপুর জেলায় অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রশস্ত্র। এরমধ্যে রয়েছে একটি এসএলআর, একটি স্নাইপার রাইফেল, দু’টি বোল্ট-অ্যাকশন রাইফেল, একটি ৯ এমএম পিস্তল, পাঁচটি গ্রেনেড। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর সাইকেল। পুলিস জানিয়েছেন, থৌবালের চারংপত মেয়েই লেইকি থেকে গ্রেপ্তার করা হয় নিষিদ্ধ কাংলেইপক কমিউনিস্ট পার্টির (পিপল’স ওয়ার গোষ্ঠী) পাঁচ সদস্যকে।



