ইম্ফল: হিংসাদীর্ণ মণিপুরের থৌবাল ও বিষ্ণুপুর থেকে ৬ জঙ্গিকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের মধ্যে পাঁচজন কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (পিপলস ওয়ার গ্রুপ)-র সদস্য। থৌবালের চারাংপত মায়াই লেইকাই থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অপহরণ ও তোলাবাজির অভিযোগ রয়েছে। ধৃতদের কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড, তোলাবাজির জন্য হুমকি চিঠি, পাঁচটি মোবাইল, ১৩টি সিমকার্ড ও একটি চারচাকার গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিস।
Advertisement
অন্যদিকে, শনিবার বিষ্ণুপুরের কুম্বি এলাকা থেকে পিপলস রিভোলিউশনারি পার্টি অব কাংলেইপাক (প্রো) নামে সংগঠনের এক জঙ্গিকেও গ্রেপ্তার করা হয়েছে। তার নাম নংমাইথেম গুনামানি। এই ধৃতের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ রয়েছে। তার থেকে একটি গ্রেনেড বাজেয়াপ্ত করেছে পুলিস।



