নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের একটি চিকিৎসা সংক্রান্ত বিল নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বিধানসভায়। ওই বিল নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসতেই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন স্বয়ং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে বিষয়টি এতটাই স্পর্শকাতর যে, বিলটি নিয়ে মুখ খুলতে চাননি কেউই।
Advertisement
বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত একটি বিল বিধানসভায় জমা দিয়েছেন পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক। ওই বিলে উল্লেখিত তারিখ নিয়েই প্রশ্ন উঠেছে। মানিকবাবু যে সময়ের বিল জমা দিয়েছেন, তাতে দেখা গিয়েছে, উনি সেসময় প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। জেলে বন্দি থাকাকালীন ওই বিল আদৌ কতটা বৈধ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মোটা অঙ্কের চিকিৎসা বিল বলেই সূত্রের খবর। ফলে সবদিক খতিয়ে দেখার কাজ শুরু করেছেন বিধানসভার সচিবালয়ের আধিকারিকরা। এই ব্যাপারে মঙ্গলবার তৃণমূল বিধায়ক মানিককে ডেকে পাঠান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ কথাবার্তা হয় দু’জনের মধ্যে। সূত্রের খবর, মানিকের কাছ থেকে ওই বিল সম্পর্কে বিশদে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে বিমানবাবু বলেছেন, ‘কোনও বিধায়ক চিকিৎসা সংক্রান্ত কোনও বিল জমা দিলে আমরা তা পরীক্ষা করি। মানিক ভট্টাচার্যের জমা দেওয়া বিলের বিষয়ে কোনও মন্তব্য করব না।’ অন্যদিকে, এই বিষয়ে মানিককে জিজ্ঞাসা করা হলে গোটা বিষয়টি স্পিকারের উপরই ন্যস্ত করেছেন তিনি। মানিক বলেন, ‘যা বলবার স্পিকারই বলবেন।’



