Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে টোটোর বিরুদ্ধে টানা অভিযানেও বদলাচ্ছে না পরিস্থিতি

ময়নাগুড়িতে টোটোর বিরুদ্ধে টানা অভিযানেও বদলাচ্ছে না পরিস্থিতি
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: ফের ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগের অভিযান। অভিযানে আটক একাধিক টোটো। গত সপ্তাহে ৪০টি টোটো আটক করেছিল পুলিস। কিন্তু এরপরেও হুঁশ ফিরছে না তাঁদের। একদিকে যেমন প্রশাসনের নির্দেশ না মেনে তাঁরা পণ্য নিয়ে যাচ্ছেন, অপরদিকে অনেক চালক তাঁদের  টোটোর ডান পাশ এখনও বন্ধ করেননি। এমনকী নেই লুকিং গ্লাসও। পাশাপাশি পুরসভা থেকে দেওয়া নম্বর প্লেট পর্যন্ত নেননি অনেক চালক।
Advertisement
ময়নাগুড়ি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে থানা মোড় থেকে ফুটবল ময়দান পর্যন্ত, ট্রাফিক মোড় থেকে দুর্গাবাড়ি পর্যন্ত এবং জাগৃতি মোড়কে নো পার্কিংজোন হিসেবে চিহ্নিত করে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এসবের তোয়াক্কা না করেই তাঁরা সে সব স্থানে দাঁড়িয়ে থাকছেন। এমনকী শহরের মূল রাস্তার ফুটপাত পর্যন্ত তাঁরা দখল করে রাখছেন। এর ফলে যানজট লেগেই থাকছে। এসবের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হলেও শহরে টোটোর দৌরাত্ম্য কমছে না। আটক হওয়া টোটোর এক চালকের বক্তব্য, ডান পাশে আটকে দিতে হবে এই নিয়ম জানা ছিল না। অপর এক টোটোচালক বলেন, ভুল করে রাস্তার পাশে দাঁড়িয়ে গিয়েছিলাম। ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, নিয়ম না মানলে টোটো আটক করা হবেই। প্রত্যেকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এমন অভিযান আমাদের লাগাতার চলবে।
ময়নাগুড়ি শহরের মূল রাস্তা সংকীর্ণ। এই রাস্তা দিয়ে প্রতিদিন জলপাইগুড়ি, ধূপগুড়ির প্রচুর গাড়ি যাতায়াত করে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা সহ সাধারণ মানুষজন বাজারে আসতে এই পথ ব্যবহার করে। অথচ সকাল থেকে টোটোর দাপটে শহরের মূল ফুটপাত এমনকী রাস্তার একটা অংশ তারাই দখল করে দাঁড়িয়ে থাকেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ