Bartaman Logo
২৭ মে, ২০২৬

মন্দির-মসজিদ বিবাদ: ভাগবতের মন্তব্যের উল্টো সুর সঙ্ঘের মুখপত্রে

মন্দির-মসজিদ বিবাদ: ভাগবতের মন্তব্যের উল্টো সুর সঙ্ঘের মুখপত্রে
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: দেশে চলতি মন্দির-মসজিদ বিবাদ অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অথচ এর ঠিক উল্টো সুর শোনা গেল সঙ্ঘের মুখপত্র  ‘অর্গানাইজার’-এ। পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় দাবি করা হয়েছে, সোমনাথ, সম্ভল বা দেশের অন্যান্য স্থানে ‘ঐতিহাসিক সত্য উদ্ঘাটনে’র লড়াই চলছে। সংশ্লিষ্ট স্থানের প্রকৃত ইতিহাস অনুসন্ধান যে কোনও সভ্যতার সুবিচারের জন্য জরুরি বলেও সেখানে মন্তব্য করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সঙ্ঘ প্রধানের ধর্মীয় সম্প্রীতির বার্তা কি শুধু কথার কথা? সঙ্ঘের হিন্দুত্ববাদী ভাবধারার প্রচারক ‘অর্গানাইজার’-এর এবারের কভার স্টোরি উত্তরপ্রদেশের সম্ভল মসজিদ বিতর্ক। এখন যেখানে শাহি জামা মসজিদ রয়েছে, সেখানে অতীতে  ‘মন্দির ছিল’ বলে দাবি করা হয়েছে পত্রিকার সম্পাদকীয়তে। বলা হয়েছে, উপাসনাস্থল দখল বা ধ্বংসের ‘সত্য’ তথ্য প্রকাশিত হওয়া জরুরি।
Advertisement
সম্প্রতি মন্দির-মসজিদ বিতর্কে দেশজুড়ে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। সম্ভলের শাহি জামা মসজিদ থেকে শুরু করে আজমির দরগায় সমীক্ষা নিয়ে সংঘাত আদালত পর্যন্ত পৌঁছেছে। জমে উঠছে মামলার পাহাড়। এর মধ্যে সুপ্রিম কোর্ট এধরনের মামলা গ্রহণে আপাতত স্থগিতাদেশ দিয়েছে।  তার সঙ্গে সাযুজ্য রেখেই বিতর্ক বন্ধের বার্তা দিয়েছিলেন ভাগবত। যদিও অর্গানাইজার জানিয়েছে,  সভ্যতার পরম্পরার সঙ্গে সুবিচার করতে হলে ইতিহাসের যথাযথ মূল্যায়ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তার মাধ্যমেই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি গড়ে ওঠে। সঙ্ঘ প্রধানের সাম্প্রতিক মন্তব্যের আবহে ‘অর্গানাইজার’-এ প্রকাশিত নিবন্ধ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সমালোচকদের অভিযোগ, ভাগবত মুখে যাই বলুন না কেন মন্দির-মসজিদ বিতর্ক জিইয়ে রাখতে চায় গেরুয়া শিবির। তারই প্রতিফলন দেখা গেল সঙ্ঘ ঘনিষ্ঠ পত্রিকায়।   এরইমধ্যে, ভাগবত বৃহস্পতিবার নাগপুরে বলেছেন, ব্রিটিশ শাসকরা দেশের ইতিহাস বিকৃত করেছিল। শাসন পরিচালনায় ভারতীয়দের অযোগ্য প্রমাণ করতে এই সব ভুয়ো প্রচার চালিয়েছিল ব্রিটিশরা। তাঁর দাবি, ১৮৫৭ সালেই ইংরেজরা বুঝে গিয়েছিল,বিদেশী হানাদারদের উচ্ছেদ না করা পর্যন্ত ভারতীয় ঐক্যবদ্ধ থাকবে। 
সম্পর্কিত সংবাদ