Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্দারমণির হোটেলে ঢুকে চুরি, গ্রেপ্তার ২

মন্দারমণির হোটেলে ঢুকে চুরি, গ্রেপ্তার ২
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: মন্দারমণির হোটেলে মহিলা চিকিৎসকের মোবাইল ফোন, ল্যাপটপ সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করল পুলিস। মন্দারমণি কোস্টাল থানার পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সনাতন দাস ও অভিষেক দাস। সনাতনের বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদায়। অভিষেকের বাড়ি দাঁতনে। সোমবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গতবছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কলকাতার আরজি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসক তাঁর চিকিৎসক স্বামীকে নিয়ে মন্দারমণিতে বেড়াতে আসেন। এখানকার একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। ২৭সেপ্টেম্বর রাতে রুমের দরজা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন তাঁরা। সেই সুযোগে তাঁদের রুমে থাকা দামি মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ ও টাকাপয়সা চুরি হয়। থানায় অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পারে, হোটেলের সিসি ক্যামেরা অকেজো। ঝড়বৃষ্টি চলার কারণে নিরাপত্তারক্ষীও অন্যত্র ছিলেন। পরবর্তীকালে টাওয়ার লোকেশন সহ নানা সূত্র কাজে লাগিয়ে রবিবার বেলদার ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিস তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে। তাকে জেরা করে জানা যায়, সে দাঁতনের এক যুবকের কাছ থেকে ফোনটি কিনেছিল। তবে ধৃতরা কেউ চুরি করেনি, বরং কিনেছে বলে পুলিসকে জানিয়েছে। পুলিসের ধারণা, দাঁতনের ওই যুবক ‘রিসিভার’। অর্থাৎ সে ফোনটি কোনও দুষ্কৃতীর কাছ থেকে কিনেছে। হোটেলের কোনও কর্মী চুরিতে যুক্ত কিনা কিংবা বাইরের কোনও দুষ্কৃতীকে চুরির ক্ষেত্রে সহযোগিতা করেছে কিনা খতিয়ে দেখছে পুলিস। ওসি অরিজিৎ চট্টোপাধ্যায় বলেন, ধৃতদের জেরা করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ