Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মণ্ডলহাটে বেহাল নিকাশি নালা, জমছে মশার লার্ভা, ক্ষুব্ধ বাসিন্দারা

মণ্ডলহাটে বেহাল নিকাশি নালা, জমছে মশার লার্ভা, ক্ষুব্ধ বাসিন্দারা
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার মণ্ডলহাটে নিকাশি নালায় জমছে মশার লার্ভার ঝাঁক। আগাছায় ভরে গিয়েছে পুরো নালা। জল উপচে পড়ে রাস্তায় চলে আসছে। পচা দুর্গন্ধে টিকতে পারছেন না বাসিন্দারা। নিকাশি নালায় জল পাশ হচ্ছে না। সংস্কারও হয়নি দীর্ঘদিন। ডেঙ্গুর আতঙ্কে ভয়ে সিঁটিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তাই নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। 
Advertisement
খাজুরডিহি পঞ্চায়েতের সদস্য বিকাশ চৌধুরী বলেন, আমাদের অঞ্চলে ২৩টি সংসদ রয়েছে। আর ভিসিডি কর্মী রয়েছেন মাত্র ৩ জন। তাঁরা গোটা অঞ্চলে সাফাই করেন। কম লোক দিয়ে কীভাবে সাফাই হবে? তাছাড়া নিকাশি নালা থেকে জল একটি পুকুরে গিয়ে পড়ত। কয়েকমাস আগে ওই পুকুর মালিক তাঁর পুকুরে যাতে জল না পড়ে, তারজন্য ঘিরে দিয়েছেন। আশাকরি সমস্যার দ্রুত সমাধান হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়া শহর লাগোয়া মণ্ডলহাট কাটোয়া-১ ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের অধীনে রয়েছে। পানুহাট থেকে দাঁইহাট যাওয়ার রাস্তায় মণ্ডলহাট এলাকায় একটি বড় নিকাশি নালা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ওই নালা সাফাই না হওয়ায় মশার লার্ভা বাসা  বেঁধেছে। আগাছায় নালা ঢেকে গিয়েছে। তবুও সংস্কার করা হচ্ছে না। জল পাশ না হওয়ায় উপচে রাস্তার মধ্যে চলে আসছে প্রায়ই। বিকেল হলেই বাড়িতে মশার উপদ্রব শুরু হচ্ছে। এমনকী  দুর্গাতলা এলাকায় প্রায় দেড়শো পরিবারের বসবাস রয়েছে। ওই পাড়ায় জল পাশ হওয়ার জন্য বহু বছর আগে প্রায় পাঁচশো মিটার একটি নিকাশি নালা তৈরি করা হয়। ওই নিকাশি নালারও জল আর পাশ হচ্ছে না। সংস্কারের অভাবে সেটি মজে গিয়েছে। সেই পচা জলের দুর্গন্ধে এলাকার মানুষ টিকতে পারছেন না। 
স্থানীয় বাসিন্দা মুনমুন চক্রবর্তী,  সুদাম চক্রবর্তী বলেন,  স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে বার বার নিকাশি নালা সংস্কারের জন্য জানানো হলেও কোনও ব্যবস্থা তারা নেয়নি। আমরা নিকাশি নালার দুর্গন্ধের জন্য বাড়িতে থাকতে পারছি না। এভাবে কী করে আমরা থাকব বলুন! ডেঙ্গু হলে তার দায় কে নেবে? একবার ব্লিচিং পাউডার দেওয়া হয় না। আরেক বাসিন্দা জানান, আমরা চাই নিকাশি নালা সংস্কার করে জল পাশ হওয়ার বিকল্প ব্যবস্থা করে দিক। জল উপচে রাস্তায় চলে এসেছে। আমরা চলাফেরা করতে পারছি না। একদিন বৃষ্টি হলে নিকাশি নালার জল বাড়িতে চলে আসে। অবিলম্বে নিকাশি নালার সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠছে, কাটোয়া-১ পঞ্চায়েত সমিতি কেন নিকাশি নালা সাফাই নিয়ে পঞ্চায়েতগুলির উপর চাপ দিচ্ছে না। জনপ্রতিনিধিদের নজরদারির অভাব রয়েছে বলে বলছেন অনেকেই। এলাকার বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দাবি, পঞ্চায়েত সমিতির অনেকেই ওই রাস্তা দিয়ে দু’বেলা যাতায়াত করেন। তবুও তাঁরা সমস্যা নিয়ে উদাসীন। ডেঙ্গু নিয়ে প্রচার চালানো হচ্ছে, কিন্তু নিজেদের এলাকার নিকাশি নালাতেই জমছে মশার লার্ভা। সবাই জেগে ঘুমোচ্ছেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ