Bartaman Logo
২৭ মে, ২০২৬

মমতার দেখানো পথেই দিল্লি, মহিলাদের মাসে ১০০০ টাকা দেওয়ার ঘোষণা কেজরিওয়ালের

মমতার দেখানো পথেই দিল্লি, মহিলাদের মাসে ১০০০ টাকা দেওয়ার ঘোষণা কেজরিওয়ালের
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি, ১২ ডিসেম্বর: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভান্ডার’ মডেল এবার দিল্লিতেও। আগামী ফেব্রুয়ারিতেই দিল্লিতে হতে পারে বিধানসভা নির্বাচন। তার আগে আজ, বৃহস্পতিবার ১৮ বছরের ঊর্ধ্বে সব মহিলাকে মাসে ১০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই নয়, ভোটে যদি তাঁর দল জেতে তা হলে এই অঙ্কের পরিমাণ বৃদ্ধি করে ২১০০ টাকা করার প্রতিশ্রুতিও দিয়েছেন আপ প্রধান।
Advertisement
মুখ্যমন্ত্রী আতিশী মারলেনাকে সঙ্গে নিয়ে কেজরিওয়াল জানান, মহিলাদের ক্ষমতায়নের জন্যই দিল্লিতে চালু করা হল মহিলা সম্মান যোজনা। এই যোজনা অনুযায়ী, ১৮ বছরের ঊর্ধ্বে দিল্লিতে যে সকল মহিলারা কোনও সরকারি চাকরি করেন না, যাঁরা কোনও পেনশন পান না এবং যাঁদের আয়কর দিতে হয় না, তাঁদের মাসে ১০০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। ভোটের পর রাজ্যে যদি আপ ফের ক্ষমতায় ফেরে, তা হলে এই অঙ্কের পরিমাণ বৃদ্ধি করে ২১০০ টাকা করা হবে। এরপরই বিজেপিকে নিশানা করে কেজরিওয়াল বলেন, “এই প্রকল্পটি অনেক আগেই চালু করতে চেয়েছিলাম। কিন্তু বিজেপি নারীদের উন্নয়ন চায় না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে জেলে পাঠিয়েছিল।”
মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিও এর আগে মমতার দেখানো পথে সাফল্য পেয়েছে। নির্বাচনে মহিলা ভোট যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে বিষয়ে সব দলগুলিই অবগত। এবার সেই পথে হাঁটল দিল্লিও।
সম্পর্কিত সংবাদ