Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মামলা প্রত্যাহার করতে হুমকি দেওয়ার অভিযোগ

মামলা প্রত্যাহার করতে হুমকি দেওয়ার অভিযোগ
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: মামলা প্রত্যাহার করে নিতে হুমকি দেওয়ার  অভিযোগ উঠল নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে । মাদকাসক্ত ছেলেকে ইসলামপুরের একটি নেশামুক্তি কেন্দ্রে রেখেছিলেন কুটুমপাসার এলাকার টোটোচালক আবদুল কাদির। কিন্তু নেশামুক্তি কেন্দ্র থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় ছেলে। সেই ঘটনার পর পুলিসে অভিযোগ হওয়ার পর কর্তৃপক্ষ কেন্দ্রটি বন্ধ করে গা ঢাকা দিয়েছে। প্রায় তিনমাস হতে চললেও পুলিস এখনও এই মামলার কিনারা করতে পারেনি। তবে ছেলের খোঁজে এদিক ওদিক ঘুরছেন বৃদ্ধ বাবা। উধাও যুবকের পরিবারের আশঙ্কা, তাঁকে খুন করে ফেলে দেওয়া হয়েছে।  
Advertisement
এবার লোক পাঠিয়ে মামলা প্রত্যাহারের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কাদির। তিনি ইসলামপুর পুলিস জেলার গ্রিভান্স সেলের মাধ্যমে এসপির কাছে অভিযোগ করেছেন। কাদির বলেন, ২৬ জানুয়ারি টালিগর এলাকায় নম্বরবিহীন একটি বাইকে করে এসে দুষ্কৃতীরা আমাকে ঘিরে ধরে। তাদের মুখ ঢাকা ছিল। কর্তৃপক্ষের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করলে আমাকেও ছেলের মতো গায়েব করে দেবে বলে হুমকি দিয়েছে তারা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বছর আগস্ট মাসে চিকিৎসার জন্য ছেলেকে ইসলামপুরের একটি নেশামুক্তি কেন্দ্রে রেখেছিলেন কাদির। কয়েকদিন পর ছেলেকে দেখতে গেলে কর্তৃপক্ষ দেখা করতে দেয়নি। কিছুদিন পর কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানায় ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত বছর ১৩ অক্টোবর নেশামুক্তি কেন্দ্রে হাজির হন কাদির। কিন্তু কর্তৃপক্ষকে খুঁজে পাননি। কেন্দ্রের ঝাঁপও বন্ধ ছিল।
ওই কেন্দ্রে চিকিৎসাধীন ছিল এমন এক যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, সেখানে আসক্তদের বেদম মারধর করা হতো। কয়েকমাস আগে এক যুবককে নির্মমভাবে পেটানো হয়। পরিবারের লোকজন শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করিয়ে কোনওরকমে বাঁচাতে পেরেছেন। এই যুবককেও নির্মমভাবে মারধর করা হয়েছিল। তারপর কী ঘটেছে তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগে রহস্য আরও বাড়ছে। ইসলামপুর পুলিস জেলার এসপি জবি থমাস বলেন, নিখোঁজ ছেলের খোঁজ চলছে। মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ খতিয়ে দেখা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ