মুম্বই: পুলিসের জালে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ‘সহযোগী’। গত শুক্রবার মাদক বিরোধী অভিযান চালিয়ে দানিশ মার্চেন্ট ওরফে দানিশ চিকনাকে গ্রেপ্তার করল মুম্বই পুলিস। ডংরি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাউদের মাদক কারখানার ‘ম্যানেজার’ ছিলেন বলে অভিযোগ। দানিশের সহযোগী কাদের গুলাম শেখকেও গ্রেপ্তার করা হয়েছে। মুম্বই পুলিসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
Advertisement
গত একমাস ধরে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মুম্বই পুলিস। গত ৮ নভেম্বর মেরিন লাইন্স স্টেশন থেকে ১৪৪ গ্রাম মাদক সহ ধরা পড়ে আশিকুর শহিদুর রহমান। তাকে জেরা করে রেহান শাকিল আনসারি নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিস। তার থেকে বাজেয়াপ্ত করা হয় ৫৫ গ্রাম মাদক। আনসারিকে জেরার সময় দানিশ ও কাদির ফন্টার নাম উঠে আসে। তার ভিত্তিতে গত শুক্রবার ডংরি এলাকা থেকে দানিশ মার্চেন্ট ও ফন্টাকে গ্রেপ্তার করে পুলিস। মুম্বই পুলিস জানিয়েছে, উভয়েই জিজ্ঞাসাবাদের সময় মাদক পাচারের কথা স্বীকার করে নিয়েছে।



