Bartaman Logo
২৭ মে, ২০২৬

মুম্বইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে লঞ্চডুবি, মৃত ১৩

মুম্বইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে লঞ্চডুবি, মৃত ১৩
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই, ১৮ ডিসেম্বর: বাণিজ্যনগরী মুম্বইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে লঞ্চডুবি। দুর্ঘটনায় মৃত্যু হল ২ নেভি আধিকারিক-সহ মোট ১৩ জনের। উদ্ধার করা হয়েছে ৯৪ জনকে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন আহত বলে জানা গিয়েছে। নিখোঁজ আরও বেশ কয়েকজন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। আজ, বুধবার বিকেল ৪টে নাগাদ ১১০ জন যাত্রী নিয়ে গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা কেভের দিকে যাচ্ছিল ‘নীলকমল’ নামের ওই লঞ্চটি। রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, নেভির একটি স্পিডবোট আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ওই লঞ্চটিতে সজোরে ধাক্কা মারে। ফাটল দেখা দেয় লঞ্চটিতে। হুড়মুড় করে জল ঢুকতে শুরু করে। আরব সাগরে ধীরে ধীরে ডুবতে থাকে সেটি। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয় মৎস্যজীবীরা নৌকা নিয়ে যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই আসে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীও। তাঁদের সঙ্গে আসে পুলিসও। শুরু হয় উদ্ধারকাজ। মোট ৯৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা সকলেই সুরক্ষিত বলে সূত্রের খবর। অন্যদিকে এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন স্পিড বোটে থাকা ২ নেভি অফিসারও। দুর্ঘটনায় লঞ্চের বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নৌ বাহিনীর ১১টি বোট, মেরিন পুলিসের ৩টি ভেসেল এবং উপকূলরক্ষী বাহিনীর ১টি বোট উদ্ধারকাজ চালাচ্ছে। পাশাপাশি ৪টি কপ্টারের মাধ্যমেও তল্লাশি চালানো হচ্ছে। তবে এই দুর্ঘটনাটি কী ভাবে ঘটল তা এখনও পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, একটি স্পিট বোট নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা মারার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধারকাজের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটিতে দেখা যাচ্ছে, ডুবন্ত লঞ্চ থেকে যাত্রীদের উদ্ধার করে অন্য একটি লঞ্চে তোলা হচ্ছে। লাইফ জ্যাকেট পরে অন্য ওই লঞ্চটিতে উঠছেন যাত্রীরা। এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, একটি লঞ্চের দুর্ঘটনার খবর পেয়েছি। স্থানীয় প্রশাসন ও পুলিসের সঙ্গে যোগাযোগ রাখছি। উদ্ধারকাজ চলছে। অধিকাংশ যাত্রীকেই উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ