Bartaman Logo
২৭ মে, ২০২৬

মুম্বইয়ে বাসের ধাক্কায় মৃত সাত, নতুন গাড়িতে সরগড় ছিলেন না চালক

মুম্বইয়ে বাসের ধাক্কায় মৃত সাত, নতুন গাড়িতে সরগড় ছিলেন না চালক
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: সোমবারই নতুন চাকরিতে যোগ দেন আফ্রিন শাহ। অফিস থেকে ছুটি হওয়ার পর রাত ন’টা নাগাদ বাড়িতে বাবাকে ফোন করে জানান, অটো রিকশ করে শিবাজী নগর স্টেশনে যাচ্ছেন। মেয়ের সঙ্গে সেই শেষ কথা আব্দুল সালিম শাহের। এরপর আবার তাঁর মোবাইল থেকে ফোন আসে বাবার কাছে। এবার আর মেয়ে নয়, ফোন করেন ভাবা হাসপাতালের কর্মী। জানানো হয়, পথ দুর্ঘটনার কবলে পড়েছেন আফ্রিন। হন্তদন্ত হয়ে তিনি হাসাপাতালে পৌঁছে দেখেন, সব শেষ। মেয়ের নিথর দেহের সামনে বাবার আকুতি, ‘চাকুরিতে তার প্রথম দিন ছিল। ভাবতেই পারছি না, ও আর কোনওদিন ফিরবে না।’ 
Advertisement
বস্তুত সোমবার রাতে বৃহন্মুম্বই পুরসভার অধীনস্ত বৃহন্মুম্বই ইলেক্ট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের (বেস্ট) একটি বাস কুরলায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা মারলে মৃত্যু হয় সাতজনের। এদের মধ্যে তিনজনের মৃত্যু হয় সোমবার। মঙ্গলবার আরও চারজনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জখম হয়েছেন প্রায় ৪৯ জন। এঁদের মধ্যে ৩৯ জনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার পরেই অভিযুক্ত বাস চালক সঞ্জয় মোরেকে গ্রেপ্তার করে পুলিস। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে। মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন কি না জানতে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। জেরায় অবশ্য সঞ্জয় জানিয়েছেন, আগে তিনি একটি বেসরকারি সংস্থার বাস চালাতেন। এই বাসটি নতুন হওয়ায় তিনি মোটেই সরগড় ছিলেন না। 
ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। মঙ্গলবার এক্স হ্যান্ডলে মৃতদের পরিবারবর্গকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। এছাড়াও জখমদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার যৌথভাবে বৃহন্মুম্বই পুরসভা এবং বেস্ট যৌথভাবে বহন করবে বলে তিনি জানিয়েছেন। সূত্রের খবর, ১২ মিটার লম্বা এই এসি ইলেক্ট্রিক বাসটি তৈরি করেছে হায়দরাবাদের অলেক্ট্রা গ্রিনটেক। বাসটিকে লিজ নেয় বেস্ট। ১ ডিসেম্বর থেকে সেটি পথে নেমেছে। সোমবার সাড়ে ন’টা নাগাদ বাসটি কুরলার এস জি বার্ভে মার্গ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িকে ধাক্কা দিতে দিতে সেটি এগিয়ে চলে। বাদ যায়নি পথচারীরাও। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘জোরে শব্দ শুনে আমি ঘটনাস্থলে যাই। দেখি বাসটি পথচারী, অটো রিকশ সহ সামনের গাড়িগুলিকে ধাক্কা মেরে এগিয়ে চলেছে। কয়েকজনের মৃতদেহও দেখতে পাই।’ 
সম্পর্কিত সংবাদ